আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স চলতি আইপিএলে প্রথম পয়েন্ট পেল। এই পয়েন্ট জয়ের মতোই। কারণ পাঞ্জাব কিংস যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। 

সোমবার শুরুতেই দুই বিদেশি তারকা ফিন অ্যালেন ও ক্যামেরন গ্রিন যথাক্রমে মাত্র ৬ ও ৪ রানে ফিরে যান। পাঞ্জাবের বোলাররা আরও চাপ তৈরি করার আগেই বৃষ্টি নামে। ম্যাচ আর শুরু করা যায়নি। বাতিল হয়ে যায় কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচ।
ক্যামেরন গ্রিন ফের ব্যর্থ। ক্রিকেট বিশেষজ্ঞরা ফের গ্রিনকে নিয়ে সমালোচনা শুরু করেন। ২৫.২০ কোটি টাকার বিশাল মূল্যে গ্রিনকে দলে নেওয়া হলেও তিনি নিজের নামের প্তি সুবিচার করতে পারেননি এখনও। 

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন বলেন, ''আমি টাকা নিয়ে কথা বলার পক্ষে নই, কারণ এটা এমন একটা বিষয় যা নিজে থেকেই ঘটে। এই খেলোয়াড়রা বিশ্বের অন্যান্য খেলোয়াড়দের মতো এত বেশি আয় করেন না। কিন্তু অনেকেই ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কথা বলতে ভালোবাসেন, আমিও সেটাই বলি। আইপিএলে তিন নম্বরে ব্যাট করতে হলে সেই মানের দক্ষতা দেখাতে হবে।''

কেপি আরও বলেন,''আমার মনে হয় না গ্রিন তিন নম্বরে ব্যাট করার জন্য যথেষ্ট যোগ্য। ও বোলিং করছে না। হ্যাঁ, আমি ওকে মুম্বইয়ে একবার শতরান করতে দেখেছি, কিন্তু তিন নম্বরে ব্যাট করার মতো দায়িত্ব দেওয়ার মতো ধারাবাহিকতা আমি গ্রিনের মধ্যে দেখিনি। গ্রিন মূলত একজন মিডল-অর্ডার ব্যাটার, যে একটু বোলিং করতে পারে—এটাই তার আসল ভূমিকা।''

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারও মনে করেন, গ্রিনকে তিন নম্বরে খেলানো ঠিক সিদ্ধান্ত নয়। তার মতে, গ্রিন একজন মিডল-অর্ডার ব্যাটার, যে সামান্য বোলিং করতে পারে। বরং তিনি মনে করেন রোভম্যান পাওয়েল টি-টোয়েন্টি ফরম্যাটে বেশি কার্যকরী।

তিনি বলেন, ''দলে বিশেষজ্ঞ ক্রিকেটার বেছে নিতে হবে। রাচীন রবীন্দ্র  এবং ক্যামেরন গ্রিন—এরা এখনো পুরোদস্তুর প্রমাণিত টি-টোয়েন্টি খেলোয়াড় নয়। আর বিদেশি খেলোয়াড় বাছাই করার সময়ে বিশেষজ্ঞ হওয়া জরুরি, কারণ মাত্র চারটি জায়গা থাকে।'' 

তিনি আরও যোগ করেন, ''যদি গ্রিন বোলিং না করে, তাহলে একজন ব্যাটসম্যান হিসেবে বিদেশি কোটায় খুব একটা মানানসই নয়। ওর থেকে রভম্যান পাওয়েলের মতো মতো প্রমাণিত টি-টোয়েন্টি বিশেষজ্ঞকে নেওয়া যুক্তিযুক্ত। যে নির্দিষ্ট ভূমিকা পালন করতে পারে। পাওয়েল একজন পরীক্ষিত খেলোয়াড়। কারও উপর ভরসা করার চেয়ে এটা বেশি নিরাপদ।''