আজকাল ওয়েবডেস্ক: বিশাল অঙ্ক দিয়ে ক্যামেরুন গ্রিনকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রত্যাশার চাপ থাকবেই। অন্যদিকে তাঁর থেকে ভাল পারফরম্যান্স আশা করে অস্ট্রেলিয়া দলও। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখা সহজ নয়। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে বল করেননি গ্রিন। সেই নিয়ে অজিঙ্ক রাহানের করা মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। এরপরই অস্ট্রেলিয়া ক্রিকেট দাবি করে, গ্রিনের পিঠের চোটের কথা জানে কেকেআর ম্যানেজমেন্ট। যার ফলে ১০-১২ দিন বল করতে পারবেন না ২৬ বছরের অলরাউন্ডার। অস্ট্রেলিয়া দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাক ডোনাল্ড বলেন, 'আইপিএলে ওর ওপর প্রচুর প্রত্যাশা আছে। তারওপর সে যদি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার হয়, তাঁকে ঘিরে আশা আরও বাড়ে। এটা ভুল নয়। তবে অলরাউন্ডারদের ওপর প্রত্যাশার চাপ থাকে।' 

গ্রিনের অলরাউন্ড পারফরম্যান্সের জন্য নিলামে তাঁর জন্য ২৫.২০ কোটি খরচ করে কেকেআর। আইপিএলের ইতিহাসে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি। এই প্রসঙ্গে ম্যাক ডোনাল্ড বলেন, 'সবাই অলরাউন্ডারদের থেকে ব্যাট হাতে গড় ৪৫, এবং বল হাতে ৩০ এর নীচে গড় আশা করে। অনেক কম অলরাউন্ডারই সেটা করতে পারে। আমি নিশ্চিত, ওর পারফরম্যান্স গ্রাফ ওপরের দিকে উঠবে। আমরা জানি ও কতটা ভাল। শুধু প্রত্যাশার চাপ রাখতে হবে। ভারসাম্য ধরে রাখতে হবে। বিশেষ করে তিনটে ফরম্যাটে খেলা যেকোনও ক্রিকেটারের জন্যই চ্যালেঞ্জিং।' 

বরাবরই ফিটনেস সমস্যা আছে গ্রিনের। চোট প্রবণ। অস্ট্রেলিয়ার কোচের দাবি, দল নির্বাচনের সময় এই বিষয়টি তাঁর বিরুদ্ধে যাবে না। বিশেষ করে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলতে। ম্যাক ডোনাল্ড বলেন, 'গ্রিন সব ফরম্যাটের প্লেয়ার। এই নিয়ে আমাকে নির্বাচকদের সঙ্গে কথা বলতে হবে। আগের অস্ট্রেলিয়া দলের কথা ভাবলে, উসমান অবসর নিয়েছে। সুতরাং, পাঁচ নম্বর পজিশন ফাঁকা। বিউ ওয়েবস্টার এবং গ্রিন একই দলে খেলতে পারে। তবে আমার মনে হয় গ্রিন এগিয়ে থাকবে। আমার বিশ্বাস, কয়েকদিনের মধ্যেই পুরো ছন্দ ফিরে পাবে। নিজের খেলায় কিছু পরিবর্তন আনতে হবে। তবে সেটা বাকিদের থেকে আলাদা নয়।' বৃহস্পতিবার ইডেনে প্রথম ম্যাচ খেলতে নামবে নাইটরা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও বল করার সম্ভাবনা কম গ্রিনের। মুম্বইয়ের কাছে প্রথম ম্যাচ হারার পর ঘরের মাঠে জয় দিয়ে শুরু করতে মরিয়া থাকবে নাইট শিবির।