আজকাল ওয়েবডেস্ক: আইপিএল চলাকালীন বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন হেনরিখ ক্লাসেন। হায়দরাবাদের এই ব্যাটারের বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ।
রীতিমতো মাথা গরম করে এক সমর্থককে মারার হুমকি দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের এই ব্যাটার। এক সমর্থকের আচরণে বিরক্ত হয়ে মেজাজ ঠিক রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
জানা গেছে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলে জয়পুর থেকে সপরিবারে হায়দরাবাদ ফিরছিলেন ক্লাসেন। বিমানবন্দরে এক ভক্ত ছবি তোলার জন্য অনুরোধ করেন। ক্লাসেন ছবি তুলতে চাননি। তা–ও ওই নাছোড়বান্দা ভক্ত রীতিমতো জোর করতে থাকেন। তাতেই মেজাজ হারান ক্লাসেন। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, বিরক্ত ক্লাসেন ওই ভক্তকে বলেন, ‘আমার কথা শুনুন। আমি তো বার বার না বলছি। দয়া করে ছবি তুলবেন না। এখান থেকে সরে যান।’ ক্লাসেনের অনুরোধের পরও ছবি তোলার জন্য জোর করতে থাকেন ওই ভক্ত। তাতেই মেজাজ হারান হায়দরাবাদের ক্রিকেটার। ক্ষুব্ধ ক্লাসেন এর পর বলেন, ‘আমি যদি পিছনে ঘুরি আর আপনি সেই সুযোগে আমার এবং পরিবারের ছবি তোলেন, তাহলে মেরে শুইয়ে দেব। তাই বলছি, এখান থেকে চলে যান। চুপচাপ চলে যান। এখানে কোনও ছবি তুলবেন না। আমার পরিবার রয়েছে। ক্যামেরা নিয়ে চলে যান এখান থেকে।’
সম্প্রতি এমনই ঘটনার সম্মুখীন হয়েছিলেন হায়দরাবাদের আরেক ব্যাটার ঈশান কিষান। উইকেটরক্ষক–ব্যাটার বার বার আপত্তি করার পরও ভক্ত ছবি তোলার অনুরোধ করতে থাকেন। বিরক্ত ঈশান তাঁকে বলেছিলেন, ‘স্যর, না মানে না–ই হয়। এটুকু বুঝুন।’ একই ঘটনার সম্মুখীন হয়েছিলেন অভিষেক শর্মাও। তিনি অবশ্য কোনও কথা না বলে হাঁটার গতি বাড়িয়ে এগিয়ে গিয়েছিলেন।















