আজকাল ওয়েবডেস্ক: ইতিহাসের পুনরাবৃত্তি! অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হবে হার্দিক পাণ্ডিয়াকে। সূত্রের খবর, মুম্বই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কের তিক্ততার কারণেই দল ছাড়তে চাইছেন তারকা অলরাউন্ডার। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জেতে মুম্বই। তাতে একেবারেই সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। হার্দিকের ওপর আস্থা হারিয়েছে।

২০২৪ আইপিএলের আগে রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে অধিনায়ক করা হয়। কিন্তু দু'বছরে পাঁচবারের চ্যাম্পিয়নদের কিছুই দিতে পারেননি হার্দিক। দু'বারই টেবিলের তলানিতে শেষ করে। তাতেই মোহভঙ্গ। কিন্তু মুম্বইয়ের নতুন অধিনায়ক কে হবে? সূত্রের খবর, পরবর্তী অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে বড় অবদান থাকবে রোহিতের। তাঁকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়েছে ম্যানেজমেন্ট। পরবর্তীতে আর এমন পরিস্থিতির সম্মুখীন হতে চায় না ফ্র্যাঞ্চাইজি। যার ফলে, নতুন অধিনায়ক নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন রোহিত। 

তাহলে কি আবার মসনদে ফিরতে পারেন হিটম্যান? এই প্রশ্ন উঠতেই পারে। তবে রোহিত পরের অধিনায়ক বাছার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিলেও, তাঁকে যে নেতা হিসেবে আর দেখা যাবে না, সেটা নিশ্চিত। মুম্বইয়ে হার্দিকের ভবিষ্যৎ নিয়ে একটি সূত্র বলেন, 'পরের মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক বাছাই করার পেছনে রোহিতের উল্লেখযোগ্য ভূমিকা থাকবে। মুম্বই নিজেদের ভুল বুঝতে পেরেছে। তবে সেটা রোহিত নিজে হবে না।'

হার্দিককে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার খবরের মধ্যেই জানা গিয়েছে, তারকা অলরাউন্ডার নিজেও মুম্বইয়ে থাকতে আগ্রহী নয়। কারণ তাঁর ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। একটি সূত্র জানায়, 'হার্দিক ট্রান্সফার নেবে। শুধুমাত্র অধিনায়কত্ব নয়, ব্যক্তিগত বিষয়ও আছে। ম্যানেজমেন্টের সঙ্গে খারাপ সম্পর্ক থাকলে কি সেই সংস্থায় কাজ করা যায়?' তারকা অলরাউন্ডার বিদায় একপ্রকার নিশ্চিত। কয়েক সপ্তাহের মধ্যেই মুম্বইয়ে হার্দিকের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে।