আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মাঝেই বান্ধবীকে বিশাল উপহার। যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। আরও একবার গার্লফ্রেন্ডের প্রতি ভালবাসা উজাড় করে দিলেন হার্দিক পাণ্ডিয়া। গত ছয় মাসে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে এই যুগলকে। সমুদ্র সৈকত থেকে শুরু করে দু'জনের জন্মদিন। প্রত্যেক অনুষ্ঠান একসঙ্গে কাটান। বাইশ গজে সাফল্যের জন্য মাহিকাকে কৃতিত্ব দেন হার্দিক। এবার আরও একধাপ এগিয়ে গেলেন তারকা অলরাউন্ডার। তৈরি করলেন একটি বেঞ্চমার্ক। ভারতের প্রথম মার্সিডিজ বেঞ্জ ভি ক্লাস বান্ধবীকে উপহার দেন হার্দিক। বিলাসবহুল গাড়ির দাম ১.৭ কোটি। 

কয়েকদিক আগেই নিজেকে ১২ কোটি টাকার বিলাসবহুল ফেরারি গিফট করেন তারকা অলরাউন্ডার। এবার নতুন প্রিমিয়ার গাড়ি মাহিকাকে উপহার দিয়ে ফের ব্যক্তিগত কারণে চর্চায় হার্দিক। নতুন গাড়ির সঙ্গে পোজ দিতে দেখা যায় দু'জনকে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ ৬ উইকেটে জেতে মুম্বই ইন্ডিয়ান্স। গত ১৩ সংস্করণে প্রথম ম্যাচ জেতেনি মুম্বই। সেই গেরো কাটে। দুরন্ত অর্ধশতরান করেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। ২০১২ সালে শেষবার চেন্নাই সুপার কিংসকে হারায় মুম্বই। তারপর থেকে আইপিএলের প্রথম ম্যাচ জেতেনি। 

রবিবার ২২১ রান তাড়া করতে গিয়ে ১৯তম ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় মুম্বই। ১৩ বছর পর আইপিএলের প্রথম ম্যাচ জিতে খুশি হার্দিক। বলেন, 'দীর্ঘ অপেক্ষা। ১৩ বছর অনেকটা সময়। প্রত্যেকবার আমরা প্রথম ম্যাচ জিতে শুরু করতে চাই। শেষপর্যন্ত সেটা করতে পেরে সবাই খুশি।'