আজকাল ওয়েবডেস্ক: পরের মরশুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে কি দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়াকে?
মুম্বই অধিনায়কের হাতে কি উঠবে নাইটদের রিমোট কন্ট্রোল?
চলতি মরশুমের আইপিএল এখনও শেষ হয়নি। ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়ছে। ঠিক সেই সময়ে জল্পনা ছড়াল পরের মরশুমে কলকাতা শিবিরে দেখা যেতে পারে হার্দিক পাণ্ডিয়াকে।
চলতি আইপিএলে মুম্বই তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। প্লে অফের টিকিট পাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্স পাঁচবারের চ্যাম্পিয়ন দল। অধিনায়ক পাণ্ডিয়ার নেতৃত্বে ১০ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে মুম্বই। প্লে-অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষের পথে।
দলের এই খারাপ পারফরম্যান্স ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে অধিনায়কত্ব নিয়ে তীব্র বিতর্ক।
দলের অন্দরে অস্থিরতা, সিনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্সের ওঠানামা এবং নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়েছে। রোহিত শর্মার পরিবর্তে পান্ডিয়াকে অধিনায়ক করার সিদ্ধান্ত শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছিল।
একটি ম্যাচে সূর্যকুমার যাদব নেতৃত্ব সামলান। কারণ চোটের জন্য বাইরে ছিলেন পাণ্ডিয়া।
সেই ম্যাচে রোহিতের ৮৪ রানের ইনিংস আরও প্রশ্ন তুলে দিয়েছে দলের কৌশল নিয়ে।
এই পরিস্থিতিতে জল্পনা বাড়ছে। পরের মরশুমের আগে পাণ্ডিয়াকে ছেড়ে দিতে পারে মুম্বই।
আর সেখানেই সামনে আসছে কেকেআর-এর নাম।প্রশ্ন উঠতে পারে কেন নাইট শিবিরে আসবেন পাণ্ডিয়া?
কেকেআর একজন নির্ভরযোগ্য অলরাউন্ডারের খোঁজে রয়েছে। বিশেষ করে আন্দ্রে রাসেলের অবসরের পর। দলে থাকা ক্যামেরন গ্রিন প্রত্যাশা পূরণ করতে পারেননি।
ফলে পাণ্ডিয়ার মতো অভিজ্ঞ অলরাউন্ডার নাইটদের জন্য বড় সম্পদ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ইডেন গার্ডেন্সের পরিবেশে পাণ্ডিয়া নতুনভাবে নিজেকে মেলে ধরতে পারেন। মুম্বইয়ের তুলনায় কম চাপের ড্রেসিংরুমে তিনি আবার নিজের সেরা ফর্মে ফিরতে পারেন বলেই মনে করা হচ্ছে।
পিঠের চোট পাণ্ডিয়ার পারফরম্যান্স প্রভাব ফেলেছে। যদি অধিনায়কত্ব থেকে সরানো হয়, তাহলে নতুন ফ্র্যাঞ্চাইজিতে গিয়ে কেরিয়ার নতুন করে তৈরির পথ বেছে নিতে পারেন তিনি।
এই মুহূর্তে সবই জল্পনা। তবে হার্দিক পাণ্ডিয়া যদি মুম্বই ছাড়েন, তাহলে কেকেআরে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আইপিএল ট্রান্সফার উইন্ডোই দেবে শেষ উত্তর।















