আজকাল ওয়েবডেস্ক: হারের হ্যাটট্রিক হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। কলকাতাকে প্রথম ম্যাচে হারানোর পর টানা তিনটি ম্যাচ হারতে হয়েছে। যার শেষটি রবিবার ওয়াংখেড়েতে আরসিবির বিরুদ্ধে।
আর এই হারের পরেই দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ অধিনায়ক হার্দিক। বিরাট কোহলিদের কাছে হারের পর সতীর্থদের দু’টি বিকল্প দিয়েছেন মুম্বইয়ের অধিনায়ক। পাশাপাশি দলে বদলের ইঙ্গিতও দিয়েছেন তিনি।
রবিবার খেলা শেষে ড্রেসিংরুমে রোহিত শর্মাদের সঙ্গে কথা বলেন হার্দিক। তিনি জানিয়ে দেন, দু’টি বিকল্প রয়েছে তাঁদের সামনে। হার্দিক বলেন, ‘আমার মনে হয়, আমাদের সামনে দুটো বিকল্প আছে। এক, আমরা হোটেলে যে যার ঘরে ফিরে যাই। ভাবি, কীভাবে এখান থেকে ফিরব। জানি, এটা কঠিন। কিন্তু হতাশ হলে হবে না। হয় তুমি জিতবে, না হলে শিখবে। হারার কোনও জায়গা নেই। দুই, হোটেলে ফিরে একসঙ্গে খেতে বসি। ক্রিকেট নিয়ে কথা বলি। অন্য কিছু নিয়েও বলতে পারি। এই চাপ মাথা থেকে সরাই। একটা দল হিসাবে প্রত্যাবর্তন করি।’
দলের বোলিং নিয়ে বিরক্ত হার্দিক বলেছেন, ‘অনেক রান দিয়েছি। ২৪১ রান করা খুবই কঠিন। গত কয়েকটা ম্যাচে আমাদের বোলিং ভাল হয়নি। আমরা ম্যাচে দাপট দেখাইনি। প্রতিপক্ষের পিছনে ধাওয়া করে গিয়েছি।’ তবে ব্যাটারদেরও রেয়াত করেননি হার্দিক। তিনি বলেন, ‘ব্যাটিংও খুব একটা ভাল হয়নি। এই ম্যাচে পর পর উইকেট হারিয়েছি। শেষ দিকে রাদারফোর্ড চেষ্টা করেছে। তবে ততক্ষণে আমরা লড়াই থেকে বেরিয়ে গিয়েছি।’
দলে বদলের ইঙ্গিত দিয়েছেন হার্দিক। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলা মুম্বইয়ের। তার আগে সমস্যা মেটাতে হবে। হার্দিক বলেন, ‘হাতে কয়েকটা দিন সময় আছে। আমাদের অনেক কিছু ভাবতে হবে। এভাবে হবে না। আমাদের ভাবতে হবে কী কী বদল করা যেতে পারে। আমাদের হাতে বিকল্প আছে। সেগুলো কাজে লাগাতে হবে। উইকেট দেখে সেই অনুযায়ী দল নামাতে হবে। কিন্তু ব্যাট–বল ভাল না হলে কোনও বদল করেই কিছু হবে না। সবার আগে সেটা ভাল করতে হবে।’















