সেআজকাল ওয়েবডেস্ক: আরও একটি হার। ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে নাস্তানাবুদ হয় মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পাণ্ডিয়ার দলের হারের কারণ খুঁজলেন আকাশ চোপড়া। তিনি মনে করছেন, রোহিত শর্মার না থাকা বড় ক্ষতি। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য নেই রোহিত। এই অবস্থায় বড় রান তাড়া করতে হিমশিম খাচ্ছে মুম্বই। চেন্নাইয়ের ২০৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১ রানে ৩ উইকেট হারায় হার্দিকরা। তারপর ৩ উইকেটে ৮৩ রান থেকে ১০৪ অলআউট। চলতি আইপিএলে পাঁচ হার। ওয়াংখেড়েতে টানা তিন। ঘরের মাঠে মুম্বইয়ের সবচেয়ে বড় হার। আকাশ চোপড়া জানান, বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করতে পারছে না মুম্বই। বোলিং লাইন আপও প্রচুর রান গলাচ্ছে। এটাই হারের মূল কারণ। একইসঙ্গে, রোহিতের না থাকা বড় ক্ষতি।
আকাশ চোপড়া বলেন, 'মুম্বই রোহিত শর্মাকে মিস করছে। শুরুটা ভাল না হলে, ২১০-২২০ রান তাড়া করা কঠিন। সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়া বড় রান পাচ্ছে না। তিলক বর্মা একটা ম্যাচে শতরান করেছে। কিন্তু বাকিদেরও রানে ফিরতে হবে। বোলিংয়ে যশপ্রীত বুমরা ছাড়া বাকিরা অতিরিক্ত রান দিয়ে ফেলছে। ঘনজাফর ধারাবাহিক। কিন্তু বাকিদের থেকে সাপোর্ট দরকার।' আরসিবির বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। ১৩ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। তারপর থেকে তিনটে ম্যাচে খেলতে পারেননি। চলতি আইপিএলে ৪ ম্যাচে রোহিতের রান ১৩৭। গড় ৪৫.৬৬। রয়েছে একটি অর্ধশতরান। আশা করা যাচ্ছে, পরের ম্যাচে ফিরবেন রোহিত। মুম্বইয়ের পরের ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।
অন্যদিকে সঞ্জু স্যামসনের শতরানের প্রশংসা করেন অনিল কুম্বলে। জানান, গত কয়েক মরশুমে সিএসকের ওপেনাররা শুরুটা ভাল করতে পারেনি। কিন্ত এবার একার হাতেই দলকে টেনে নিয়ে যাচ্ছেন সঞ্জু স্যামসন। মুম্বইয়ের বিরুদ্ধে ৫৪ বলে অপরাজিত ১০১ রান করেন। তারমধ্যে ছিল ১০টি চার এবং ৬টি ছয়। কুম্বলে বলেন, 'সাত ম্যাচে দুটো অপরাজিত শতরান। দলকে একাই এগিয়ে নিয়ে গিয়েছে। রাজস্থানের ফাইনালে ওঠার সময় একইভাবে খেলেছিল জস বাটলার।' চলতি আইপিএলে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী সঞ্জু। তাঁকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে চেন্নাই। তবে প্রশ্ন হল, ধোনি ফিরলেও কি উইকেটের পিছনে দেখা যাবে সঞ্জুকে?















