আজকাল ওয়েবডেস্ক:‌ জঘন্য পারফরম্যান্স। পাঁচ ম্যাচে চার হার। প্রথম ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচ হারতে হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে।


পয়েন্ট টেবিলে নয় নম্বরে রয়েছেন হার্দিকরা। সূত্রের খবর, আইপিএল শেষে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে পারে মুম্বই ফ্রাঞ্চাইজি। ছেড়ে দেওয়া হতে পারে শার্দূল ঠাকুর, দীপক চাহার, মায়াঙ্ক মার্কান্ডদের।


শার্দূল উইকেট নিলেও প্রচুর রান দিচ্ছেন। দীপক চাহারও প্রত্যাশা পূরণে ব্যর্থ। একই কথা প্রযোজ্য মায়াঙ্ক মার্কান্ডের ক্ষেত্রেও।


সূত্রের খবর, এই তিন ক্রিকেটারকেই চলতি আইপিএলের পর ছেড়ে দেওয়া হতে পারে। ২০২৭ আইপিএলের আগে নিলামে এই তিন ক্রিকেটারের পরিবর্তে ভাল বোলার নেওয়ার চেষ্টা করবে মুম্বই ইন্ডিয়ান্স।


প্রসঙ্গত, ২০২৬ আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলেন বোলিং অলরাউন্ডার শার্দূল। লখনউ থেকে ২ কোটি টাকায় শার্দূলকে নিয়েছিল মুম্বই। কেকেআরের বিরুদ্ধে তিন উইকেটও নিয়েছিলেন তিনি। কিন্তু তারপর আর সেভাবে উইকেট পাননি। রানও দিয়েছেন প্রচুর। ১১ ওভারে দিয়ে ফেলেছেন ১৪৮ রান। নিয়েছেন ছয় উইকেট। তাছাড়া শার্দূলের বয়সটাও যাচ্ছে বিপক্ষে। এখনই বয়স ৩৫। এটাও একটা কারণ।


দীপক চাহারকে ৯ কোটি ২৫ লক্ষ টাকায় রিটেন করেছিল মুম্বই। পাওয়ার প্লে–তে ভাল সুইং বোলিং করতে পারেন তিনি। কিন্তু এবার এখনও প্রত্যাশা পূরণ করতে পারেননি। পাওয়ার প্লে–তে ২০ থেকে ২২ রান দিয়ে ফেলছেন। তার উপর উইকেটও পাচ্ছেন না। শোনা যাচ্ছে, ২০২৭ আইপিএলের আগে তাঁকেও ছেড়ে দিতে পারে মুম্বই।


কলকাতা থেকে ৩০ লাখে মার্কান্ডেকে নিয়েছিল মুম্বই। মিডল ওভারে রান আটকানোই ছিল তাঁর লক্ষ্য। কিন্তু সে কাজে তিনি এখনও সফল হতে পারেননি। প্রথম তিন ম্যাচে ওভার প্রতি ১৫–র উপর রান দিয়েছেন। উইকেটও পাননি। তাই এই ক্রিকেটারকেও ছেড়ে দিতে পারে মুম্বই।