আজকাল ওয়েবডেস্ক: ইডেনে কি বল হাতে দেখা যাবে ক্যামেরুন গ্রিনকে? সানরাইজার্স ম্যাচের আগে এটাই লাখ টাকার প্রশ্ন। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হার দিয়ে আইপিএলের ১৯তম সংস্করণ শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ঘরের মাঠে প্রথম ম্যাচ। জয়ে ফিরতে মরিয়া থাকবেন অজিঙ্ক রাহানেরা। নজরের কেন্দ্রবিন্দুতে ক্যামেরুন গ্রিন। মুম্বইয়ের বিরুদ্ধে বল করেননি। ম্যাচ শেষে রাহানেকে এই বিষয়ে প্রশ্ন করা হলে কেকেআরের অধিনায়ক জানান, এটা একমাত্র ক্রিকেট অস্ট্রেলিয়া বলতে পারবে। এই মন্তব্য বিতর্ক সৃষ্টি করে। তবে সব ভুলে এবার হায়দরাবাদ ম্যাচে ফোকাস ফেরাতে চাইছে নাইট শিবির। ম্যাচের আগের দিন অনুশীলনে বল করতে দেখা যায় গ্রিনকে। বুধবার সন্ধেয় ইডেনের নেটে বল হাতে দেখা যায় অজি অলরাউন্ডারকে। 

মুম্বইয়ের বিরুদ্ধে ২২১ রান করেও হারতে হয় নাইটদের। তখনই কেকেআরের বোলিংয়ে ভারসাম্য নিয়ে প্রশ্ন ওঠে। এই বিতর্কের মাঝেই ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের অবস্থান পরিষ্কার করে দেয়। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, গ্রিনের পিঠে চোট রয়েছে। ১০-১২ দিন আগে বল করতে পারবে না। যা সম্বন্ধে অবগত ছিল কেকেআরের ম্যানেজমেন্ট। সবকিছুর পর নাইটদের নেটে গ্রিনের বল করা তাৎপর্যপূর্ণ। যদিও তারমানে এই নয় যে সানরাইজার্স ম্যাচ থেকেই পুরোদমে বল করবেন গ্রিন। তবে অবশ্যই আশা জাগাবে নাইট শিবিরে। আইপিএলের নিলামে ২৫.২০ কোটিতে কেনা হয় গ্রিনকে। কোটিপতি লিগের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি প্লেয়ার। অর্থাৎ, ফ্র্যাঞ্চাইজির তাঁকে অলরাউন্ডারের ভূমিকায় দেখতে চাওয়া স্বাভাবিক। 

অজি তারকার অলরাউন্ড পারফরম্যান্সের জন্যই এত টাকা দিয়ে কেনা হয়েছে। কিন্তু প্রথম ম্যাচে বল করতে না পারায় ভুগতে হয় কেকেআরকে। যা পুরোদমে কাজে লাগায় মুম্বই। তবে গ্রিন নেটে ফেরায় আশাবাদী নাইট ম্যানেজমেন্ট। বর্তমানে পরিস্থিতি সঠিক দিশাতেই এগোচ্ছে। বল হাতে নেটে ফেরায়, আশা করা যাচ্ছে শীঘ্রই ম্যাচে বল করতে দেখা যাবে অজি‌ তারকাকে। যার ফলে কেকেআর ম্যানেজমেন্ট যে কিছুটা চাপমুক্ত হবে, সেই বিষয়ে কোনও দ্বিমত নেই। 

বিতর্কের মাঝেই অস্ট্রেলিয়া দলের হেড কোচকে পাশে পেয়েছিলেন গ্রিন। মুম্বই ম্যাচে পর অ্যান্ড্রু ম্যাক ডোনাল্ড বলেন, 'আইপিএলে ওর ওপর প্রচুর প্রত্যাশা আছে। তারওপর সে যদি অস্ট্রেলিয়ার অলরাউন্ডার হয়, তাঁকে ঘিরে আশা আরও বাড়ে। এটা ভুল নয়। তবে অলরাউন্ডারদের ওপর প্রত্যাশার চাপ থাকে।' গ্রিনের অলরাউন্ড পারফরম্যান্সের জন্য নিলামে তাঁর জন্য ২৫.২০ কোটি খরচ করে কেকেআর। আইপিএলের ইতিহাসে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি। এই প্রসঙ্গে ম্যাক ডোনাল্ড বলেন, 'সবাই অলরাউন্ডারদের থেকে ব্যাট হাতে গড় ৪৫, এবং বল হাতে ৩০ এর নীচে গড় আশা করে। অনেক কম অলরাউন্ডারই সেটা করতে পারে। আমি নিশ্চিত, ওর পারফরম্যান্স গ্রাফ ওপরের দিকে উঠবে। আমরা জানি ও কতটা ভাল। শুধু প্রত্যাশার চাপ রাখতে হবে। ভারসাম্য ধরে রাখতে হবে। বিশেষ করে তিনটে ফরম্যাটে খেলা যেকোনও ক্রিকেটারের জন্যই চ্যালেঞ্জিং।' বল হাতে ইডেনের বাইশ গজে অজি অলরাউন্ডারকে দেখা যাবে কিনা সেটাই দেখার।