আজকাল ওয়েবডেস্ক: মহেন্দ্র সিং ধোনিকে চান আইপিএল উদ্যোক্তারা। তাই যতদিন ধোনি খেলতে চাইবেন, ততদিন তাঁর জন্যই মেগা ইভেন্টের নিয়ম বদলাতে থাকবে। যে সে নন, মহম্মদ কাইফ এমনই এক মন্তব্য করে রীতিমতো আলোড়ন তৈরি করে দিয়েছেন। 

সূত্রের খবর অনুযায়ী, গত বারের থেকে এবার অনেক কম টাকায় খেলবেন ধোনি। জানা গিয়েছে, গত বছরের থেকে ৬৬.৬৭ শতাংশ কম টাকা পাবেন তিনি।  ৪ কোটি টাকা পাবেন ধোনি।২০২২ সালে আইপিএলের মেগা নিলামে ধোনিকে ১২ কোটি টাকায় নিয়েছিল চেন্নাই। এবার তাঁর বেতন কমছে অনেকটাই। 

আইপিএলের নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলো দু'জন আনক্যাপড খেলোয়াড় ধরে রাখতে পারবে। তাদের বেতন ৪ কোটি টাকা। ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। আনক্যাপড প্লেয়ার হিসেবে তাঁকে ধরে রাখতে পারবে সিএসকে। এই নিয়মেই ধোনি খেলবেন আইপিএল। যদিও চেন্নাই সুপার কিংস আর্থিক বিষয় নিয়ে ধোনির সঙ্গে এখনও কথা বলেনি। কিন্তু মহম্মদ কাইফ বলছেন, ''আমি বিশ্বাস করি নিয়ম পরিবর্তন করে একদিকে ঠিক কাজই করা হয়েছে। ধোনি ফিট। খেলছেও ভাল। তাহলে কেন নিয়ম বদল করা হবে না? কেন ধোনিকে খেলার সুযোগ করে দেওয়া হবে না? সবাই জানেন নিয়ম বদল করা হয়েছে ধোনি সাহাবের জন্য। ধোনির মতো প্লেয়ারের জন্য নিয়ম বদল করাই যায়।'' 

একই সুরে কাইফ বলেছেন, ''ধোনির স্ট্রাইক রেট ২০০। আমার মনে হয়, ধোনি যতদিন খেলতে চায়, ততদিন নিয়ম বদলানো হবে। আইপিএল খেলতে চাইলে, খেলতেই পারে ধোনি। বড় প্লেয়ার ধোনি, বড় ম্যাচ উিনার এবং সিএসকে-র লিডার।'' 

আগামী আইপিএলে ব্যাট হাতে নেমে পড়বেন মহেন্দ্র সিং ধোনি, এই দৃশ্য দেখার অপেক্ষায় সবাই। আর ধোনি ব্যাট করতে নামা মানেই গ্যালারিতে ভক্তদের প্রবল চিৎকার, ''মাহি মার রাহা হ্যায়।''