আজকাল ওয়েবডেস্ক:‌ বেশ কড়া সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌। আইপিএলের দশ দলের জন্য আট পাতার নির্দেশিকা জারি করেছে বোর্ড। বেশ কিছু দল এবং ক্রিকেটারের তরফে এবার বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সেই কারণেই প্রতিযোগিতার মাঝপথে এই নির্দেশিকা জারি করল বিসিসিআই। 


প্রসঙ্গত, রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দারের ডাগআউটে বসে মোবাইল ব্যবহার বা ড্রেসিংরুমে রিয়ান পরাগের ই–সিগারেট খাওয়ার মতো বেশ কিছু বিতর্কিত ঘটনার পর বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া ফ্রাঞ্চাইজিগুলিকে পেশাদারিত্ব এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সেটাও আবার লিখিতভাবে। নির্দেশিকায় বলা হয়েছে, টিম ম্যানেজারের লিখিত অনুমতি ছাড়া হোটেলে ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের ঘরে কোনও বাইরের ব্যক্তি প্রবেশ করতে পারবেন না। অতিথিদের সঙ্গে শুধুমাত্র হোটেলের লবি বা রিসেপশনে দেখা করা যাবে। হানি ট্র্যাপিং এবং যৌন হেনস্থার মতো আইনি জটিলতা এড়াতে এই সতর্কতা অবলম্বন করা হয়েছে। হোটেল থেকে বের হওয়ার আগে ক্রিকেটার কিংবা সাপোর্ট স্টাফদের অবশ্যই সিকিউরিটি লিয়াজোঁ অফিসার বা টিম ইন্টিগ্রিটি অফিসারকে জানাতে হবে। ব্যক্তিগত বা বিনোদনের কারণে বাইরে গেলেও টিম ম্যানেজারকে আগে থেকে জানাতে হবে। ম্যাচ চলাকালীন ডাগআউট, ড্রেসিংরুম বা মাঠে দল মালিকরা ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন না। পিএমওএ (প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস অ্যাকসেস) প্রোটোকল লঙ্ঘন করা যাবে না। এটাকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হবে। মাঠ, ড্রেসিংরুম, ডাগআউট এবং টিম হোটেলে ই–সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ। এটা ঘটনা, ভারতে ই–সিগারেট আইনত নিষিদ্ধ, তাই এটি করলে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপও নেওয়া হবে।
বিসিসিআই স্পষ্ট নির্দেশ দিয়েছে এই নির্দেশিকা পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিটি দলকে একটি বাধ্যতামূলক ব্রিফিং করতে হবে এবং সমস্ত ক্রিকেটার ও কর্মীদের কাছ থেকে নিয়ম মানার লিখিত প্রতিশ্রুতি নিতে হবে।


আর এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট ক্রিকেটার বা ফ্র্যাঞ্চাইজিকে শোকজ নোটিশ পাঠাবে বোর্ড। করা হতে পারে বড় অঙ্কের জরিমানা। এর পাশাপাশি চলতি বা পরবর্তী প্রতিযোগিতা থেকে বরখাস্ত বা বহিষ্কার করা হতে পারে। এমনকী আইনি পদক্ষেপও নিতে পারে বিসিসিআই।