আজকাল ওয়েবডেস্ক: তাঁর হাতুড়িতেই আজ ক্রিকেটারদের জীবনমরণ।
আর কিছুক্ষণ পরেই আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। সেই নিলামে ভাগ্য পরীক্ষা হবে ৩৬৯ জন ক্রিকেটারের।
নিলাম সঞ্চালনার দায়িত্ব মল্লিকা সাগরের উপরে। অতীতেও মেগা টুর্নামেন্টের নিলাম সঞ্চালনা করেছেন তিনি। নিলাম সঞ্চালনা করেই জনপ্রিয় হয়ে উঠেছেন মল্লিকা।
সাম্প্রতিক কালে আইপিএলের মেগা নিলামের দায়িত্ব তাঁর উপরই পড়ে।
নিলামে যেমন ক্যামেরন গ্রিনের দিকে নজর থাকবে, তেমনই সবাই তাকিয়ে থাকবেন মল্লিকার উপরে।
২০২১ সালে ভারতে অনুষ্ঠিত প্রো কবাডি লিগের নিলাম সঞ্চালনা করেন মল্লিকা। কিন্তু সেই নিলাম পরিচালনা তাঁকে জনপ্রিয় করতে পারেনি।
কিন্তু আইপিএলে নিলাম সঞ্চালনা মল্লিকা সাগরকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।
ভারতের ক্রিকেটমহলে তিনি পরিচিত নাম। গতবার মেগা নিলামে একাধিক ভুল করেছিলেন তিনি। সেই নিলাম দু'দিন ব্যাপী ছিল। তাঁর ভুলে হাতছাড়া হয়ে যায় দিল্লি ক্যাপিটালসের প্রতিশ্রুতিমান ক্রিকটার।
গতবারের মেগা নিলামের প্রথম দিন মল্লিকার ভুলে গুজরাট টাইটান্সকে দিতে হয়েছিল অতিরিক্ত ২৫ লক্ষ টাকা।
দ্বিতীয় দিনের নিলামে ১৯ বছরের স্বস্তিক চিকারাকে নিয়ে নাটক হয়। এই তরুণ ক্রিকেটারের জন্য বিড করে আরসিবি। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লাখ টাকা। কার্যত কোনও প্রতিযোগিতা ছাড়াই স্বস্তিক চিকারাকে দলে নিল আরসিবি।
দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হেমাঙ্গ বাদানি সরাসরি প্রশ্ন তোলেন, তাঁদের দলও স্বস্তিককে পাওয়ার জন্য প্যাডল তুলেছিল। কিন্তু সঞ্চালিকা দেখতেই পাননি।
মল্লিকা অবশ্য তাঁর ভুল স্বীকার করে নেন। নিলামের গতির জন্যই হয়তো তিনি দেখতে পাননি। দিল্লির তরফে অভিযোগ জানানো হলেও স্বস্তিক চিকারা কিন্তু আইপিএল খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই।
