আজকাল ওয়েবডেস্ক: অভিষেকেই মাতিয়ে দিলেন সানরাইজার্স হায়দরাবাদের নবাগত পেসার প্রফুল হিঞ্জ। ৩৪ রানে ৪ উইকেট। স্বপ্নের পারফরম্যান্স করে রাজস্থান রয়্যালসের টপ অর্ডার ভাঙলেন তিনি। বৈভব সূর্যবংশীর মতো বিধ্বংসী ব্যাটারকে ফিরিয়ে দিলেন শূন্য রানে। 

বিদর্ভের এই তরুণ পেসার ম্যাচের প্রথম ওভারেই তিনটি উইকেট তুলে নিয়ে রাজস্থানের ইনিংসে কম্পন ধরিয়ে দেন। বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল এবং লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, এই তিনজনকেই শূন্য রানে আউট করে শুরুতেই জেতার মতো জায়গায় পৌঁছে দেন সানরাইজার্সকে। আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে হিঞ্জ ম্যাচের প্রথম ওভারেই তিন-তিনটি উইকেট নেওয়ার নজির গড়েন।
তিনি এখানেই থেমে থাকেননি। পরের ওভারেও রিয়ান পরাগকে আউট করে মাত্র দু' ওভারে ৬ রান দিয়ে ৪টি উইকেট নেওয়ার অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। 

নিখুঁত অভিষেক বলতে যা বোঝায় এটা ছিল তাই। কে এই প্রফুল হিঞ্জ? তিনি ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে খেলেন। সানরাইজার্স হায়দরাবাদ তাঁর বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় দলে নেয়।
২৪ বছর বয়সী এই ক্রিকেটার ২০২৪–২৫ মরশুমে সিনিয়র দলে অভিষেক হয়। এখনও পর্যন্ত তিনি ১০টি প্রথম-শ্রেণির ম্যাচে ২৭টি উইকেট নিয়েছেন। লিস্ট এ ক্রিকেটে তিনি ৬টি ম্যাচে ৫টি উইকেট পেয়েছেন। টি-টোয়েন্টিতে একটি ম্যাচ খেলে একটি উইকেট তাঁর ঝুলিতে। 
হিঞ্জ ২০২২ সাল থেকে চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনে প্রশিক্ষণরত।  এছাড়া ২০২৪ সালে নিজের দক্ষতা আরও বাড়াতে তিনি ব্রিসবেনে ১৫ দিনের একটি প্রশিক্ষণ শিবিরেও অংশ নেন।