আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সে নতুন দায়িত্ব পেলেন রিঙ্কু সিং। আসন্ন আইপিএলে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যাবে নাইটদের ফিনিশারকে। বছরের পর বছর শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির প্রতি দায়বদ্ধতার পুরস্কার পেলেন রিঙ্কু। মঙ্গলবার রাতে বাইপাস সংলগ্ন পাঁচতারা হোটেলে অজিঙ্ক রাহানের ডেপুটি হিসেবে রিঙ্কুর নাম ঘোষিত হল। কেকেআর আনপ্লাগড অনুষ্ঠানে এই ঘোষণা করেন নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর। বলেন, 'অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে হাত মিলিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবেন রিঙ্কু।' 

নাইটদের সংসারে খুবই জনপ্রিয় ফিনিশার। তাঁর নাম ঘোষিত হওয়া মাত্র উচ্ছ্বাসে ফেটে পড়ে অনুষ্ঠানে উপস্থিত কেকেআর সমর্থকরা। মঞ্চে দাঁড়িয়ে এক গাল হাসি রিঙ্কুর মুখে। কিন্তু দলে এত স্বদেশী এবং আন্তর্জাতিক ক্রিকেটার থাকা সত্ত্বেও কেন নাইটদের সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হল রিঙ্কুকে? হেড কোচ অভিষেক নায়ার জানান, দীর্ঘ বছর ধরে বিপদের সময় দলকে সাহায্য করেন রিঙ্কু। সেটা ব্যাট হাতেই হোক বা ফিল্ডার হিসেবে। চুপচাপ স্বভবের হলেও, চুপিসারে কাজের কাজ করেন। তাই এবার দায়িত্ব বাড়ানোর কথা ভাবা হয়। 

হেড কোচ অভিষেক নায়ার বলেন, 'আমার একজন সাপোর্ট স্টাফ দীর্ঘদিন ধরে রিঙ্কুর সঙ্গে কাজ করছে। গত কয়েক বছর ও খুবই ভাল খেলছে। উন্নতি করেছে। নিজেকে প্রমাণ করেছে। দলের ওর প্রতি অগাধ ভরসা। খুব বেশি কথা বলে না, কিন্তু চুপচাপ নিজের কাজ করে যায়। ওর পারফরম্যান্স কথা বলে। বিপদের সময় দলকে জেতানোর ক্ষমতা আছে। আমার চেয়েছিলাম কেকেআরে ওর দায়িত্ব আরও বাড়ুক। সেই কারণেই ডেপুটির দায়িত্ব কাঁধে চাপানো হয়েছে।' 

নতুন দায়িত্ব মাথা পেতে গ্রহণ করেন রিঙ্কু। ডেপুটি হয়েই লক্ষ্য সেট করে ফেলেছেন। রিঙ্কু বলেন, 'সহ অধিনায়ক হয়ে খুবই ভাল লাগছে। আমাকে এই সুযোগ তৈরি করে দিয়েছে কেকেআর। সবাই দেশের হয়ে খেলতে চায়। বিশ্বকাপ জিততে চায়। এবার এই নতুন দায়িত্ব মনেপ্রাণে পালন করার চেষ্টা করব।' সমর্থকদের জন্য বিশেষ বার্তা দেন নাইটদের ফিনিশার। রিঙ্কু বলেন, 'আমাদের সমর্থন করতে থাকো। শুধু ভাল সময় নয়, খারাপ সময়েও। আমাদের দল ভাল। এই বছর ট্রফি আমাদের হাতে উঠবে।' 

রিঙ্কুর উত্থানে খুশি রাহানে। কোনও রাখঢাক না করেই জানিয়ে দিলেন, শাকরুখ খানের পর নাইটদের সংসারে সবচেয়ে জনপ্রিয় তিনি। রাহানে বলেন, 'রিঙ্কুকে সহ অধিনায়কের ভূমিকায় দেখে ভাল লাগছে। ওর উত্থান, উন্নতি দেখেছি। আট বছর আগে কেকেআরে শুরু করে। ওর এই সাফল্যে সবাই খুশি। সবকিছু জেতার পর খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু তারপরও আপ্রাণ পরিশ্রম করে যায়। যা আমাদের মোটিভেট করে। ড্রেসিংরুমে ওর আচরণ দারুণ। শাহরুখ খানের পর আমাদের দলে সবচেয়ে জনপ্রিয় রিঙ্কু সিং।' কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হবে, সেই নিয়ে দীর্ঘদিন চর্চা চলে। একটা সময় পর্যন্ত অজিঙ্ক রাহানের বিদায় নিশ্চিত ছিল। নেতা হিসেবে ভেসে আসে রিঙ্কুর নাম। তবে সরাসরি তাঁর কাঁধে এই গুরুদায়িত্ব চাপাতে চায়নি কেকেআর ম্যানেজমেন্ট। তাই আরও এক বছর রাহানের প্রতি ভরসা রাখা হয়। তবে নাইটদের ভবিষ্যতের অধিনায়ক যে রিঙ্কু, সেটা বলার অপেক্ষা রাখে না।