আজকাল ওয়েবডেস্ক: গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ভয়াবহ শুরু করল রাজস্থান রয়্যালস।
ম্যাচের শুরুতেই দলের প্রধান ফাস্ট বোলার জোফ্রা আর্চার ছন্দ হারিয়ে ফেললেন।
পাওয়ারপ্লেতে নিজের প্রথম ওভারেই আর্চার ১১টি বল করেন, যার মধ্যে ছিল ৪টি ওয়াইড ও ১টি নো বল।
ফলে সেই ওভারটি সম্পূর্ণ করতে আর্চারকে অতিরিক্ত ৫টি বল করতে হয়। সেই ওভারে আর্চার দেন ১৭ রান। বিশেষভাবে নজর কাড়ে তাঁর একটি বিশাল নো বল, যা নিয়ে দর্শক ও ভক্তরাও বিস্মিত হন।
পুরো ওভারজুড়ে আর্চার বারবার লেগ সাইডে বল ফেলেন এবং লাইন-লেন্থ নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। একটি ওয়াইড বল তো উইকেট কিপারকে পরাস্ত করে বাউন্ডারি হয়ে যায়।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ওভারগুলোর একটি করে ফেললেন আর্চার। একাধিক বোলারের সঙ্গে যৌথভাবে তিনি এই অস্বস্তিকর রেকর্ডে জায়গা করে নেন।
এঁদের মধ্যে রয়েছেন অর্শদীপ সিং, হার্দিক পাণ্ডিয়া, শার্দুল ঠাকুর, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে এবং মহম্মদ সিরাজ
তবে এই একটি ওভার বাদ দিলে চলতি আইপিএলে আর্চার ভাল ফর্মে।
রাজস্থানের বোলিং কোচ শেন বন্ড জানান, সাম্প্রতিক বিরতির পর আর্চার কিছুটা ছন্দ হারিয়ে ফেলেছে। তাঁর কথায়, ''দু' দিনের বিরতির পর মনে হয়েছে আর্চার ম্যাচের ছন্দে ছিল না।''















