আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের জন্য নিজেকে তৈরি করছেন শচীন-পুত্র অর্জুন তেণ্ডুলকর। 

মুম্বই ছেড়ে আইপিএলে তাঁর নতুন ঠিকানা লখনউ সুপার জায়ান্টস। পাঁচ বছরে মুম্বইয়ের হয়ে তিনি খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ। গত ডিসেম্বরে মুম্বই থেকে লখনউ সুপার জায়ান্টসে ৩০ লক্ষ টাকায় এসেছেন। 

সেই অর্জুন তেণ্ডুলকরকে নিয়ে সাফ কথা বলে দিলেন ভারতের প্রাক্তন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। 

তিনি জানিয়ে দিলেন, আইপিএলে অর্জুনের খেলার সম্ভাবনা কম। 

অশ্বিনের এহেন মন্তব্য শুনে মন ভাঙতে পারে ভক্তদের। মন ভাঙতে পারে শচীন তেণ্ডুলকরেরও। 

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, ''অর্জুন তেণ্ডুলকর খেলবেই না। মায়াঙ্ক যাদব, মহসিন খান, আবেশ খান ও মহম্মদ সামি রয়েছে। ফলে অর্জুনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অনেক ফাস্ট বোলার রয়েছে দলে। অর্জুন খেলবে কী করে? যদি চোটআঘাত থাকে দলে, তাহলে হয়তো সুযোগ পেতে পারে অর্জুন।'' 

২০২১ সালে অর্জুনের আইপিএল পরিক্রমা শুরু হয়। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ২০ লক্ষ টাকায় কিনে নেয়। কিন্তু চোটের জন্য সেবার দেখা যায়নি অর্জুন তেণ্ডুলকরকে। 

পরের বছর তাঁকে ৩০ লক্ষ টাকায় কেনা হয় তাঁকে। কিন্তু সাইডলাইনের ধারেই বসে থাকতে দেখা যায় অর্জুনকে। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল অভিষেক ঘটে অর্জুনের।

২০২৪ সালে মাত্র একটি ম্যাচে খেলতে দেখা গিয়েছে শচীন-পুত্রকে। সেটাও আবার ঘটনাক্রমে লখনউয়ের বিরুদ্ধে। সেই অর্জুনের পিঠে উঠেছে লখনউ সুপার জায়ান্টসের জার্সি। 

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্জুন ২ ওভার হাত ঘুরিয়েছিলেন। ১৭ রান দিয়েছিলেন। উইকেট পাননি তিনি। সেই মরশুমে চারটি ম্যাচে নেমেছিলেন অর্জুন। তিনটি উইকেট নিয়েছিলেন। 

২০২৪ সালের আইপিএলে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে মাত্র একটি ম্যাচ খেলেন অর্জুন। 

লখনউ সুপার জায়ান্টস সম্পর্কে বলতে গিয়ে অশ্বিন বলেছেন, এই দল প্লে অফে পৌঁছবে না। ১ এপ্রিল লখনউ প্রথম ম্যাচে নামবে। তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।