আজকাল ওয়েবডেস্ক: প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরের শক্তি আরও বাড়বে। এ কথা বলাই বাহুল্য। কামিন্স শীঘ্রই দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, প্যাট কামিন্স ১৭ এপ্রিল সানরাইজার্স শিবিরে যোগ দিতে পারেন। 

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, কামিন্স ১৫ এপ্রিল অস্ট্রেলিয়ায় একটি ফিটনেস পরীক্ষা দেবেন। যদি তিনি খেলার ছাড়পত্র পান, তাহলে ১৭ এপ্রিল হায়দরাবাদে পৌঁছাতে পারেন। সানরাইজার্স শিবির কামিন্সকে নিয়ে আশাবাদী। 

এর আগে কামিন্স বলেছিলেন, তিনি আইপিএলের দ্বিতীয়ার্ধে অংশ নিতে পারেন। যদি তাই হয়, তাহলে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে তাঁর নেতৃত্ব এবং দ্রুতগতির বোলিং সানরাইজার্সের শক্তি আরও বাড়াবে। 

এদিকে প্রাক্তন ক্রিকেটার জাহির খান মনে করেন, কামিন্সের অনুপস্থিতি টের পাচ্ছে সানরাইজার্স শিবির। 

সানরাইজার্স হায়দরাবাদের অন্তর্বর্তীকালীন অধিনায়ক ঈশান কিশানের সমালোচনা করেন তিনি। 
জাহিরের মতে, প্রাক্তন আইপিএল চ্যাম্পিয়নরা নেতৃত্ব নিয়ে ভুগছে। ঈশান কিষান কার্যকরী হতে পারছেন না বলেই মত জাহিরের। 

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে কামিন্সকে। তাঁর অনুপস্থিতিতে ঈশান কিশানকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক এবং অভিষেক শর্মাকে সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে। দলের ফলাফলও হতাশাজনক। ৪টি ম্যাচের মধ্যে ৩টিতে হার এবং মাত্র ১টি জয়। ঈশান কিষানের নেতৃত্ব ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে, এবং জাহির-সহ অনেকেই তাঁর নেতৃত্বের দুর্বলতা  নিয়ে প্রশ্ন তুলেছেন।

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জাহির বলেন, কামিন্সের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে স্পষ্টতা ও নিয়ন্ত্রণের অভাব দেখা যাচ্ছে। জাহিরের মতে, কামিন্স থাকলে নির্দিষ্ট পরিকল্পনা দেখা যেত। এখন যা দেখাই যাচ্ছে না।