আজকাল ওয়েবডেস্ক: প্যাট কামিন্স এবং জস হ্যাজলউডের পর এবার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারও এবার জানালেন, আইপিএলের শুরুর দিকে তিনি খেলতে পারবেন না।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিমের পুরোপুরি ফিট হয়ে ভারতে আসবেন তিনি। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের এক প্রতিবেদন মারফত জানা গিয়েছে, হ্যাজলউড এবং কামিন্সের মতো স্টার্ককেও আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচে পাওয়া যাবে না।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া বোর্ড তাঁদের প্রথম সারির ফাস্ট বোলারদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের কারণে বোলিং নিয়ে ভুগতে হয়েছে। সে কারণে আগেভাগেই এই বাড়তি সতর্কতা নেওয়া বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী আগস্ট থেকে শুরু করে টেস্ট দলকে ১২ মাসে প্রায় ২১টি ম্যাচ খেলতে হবে। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা, ভারত এবং ইংল্যান্ড সফর রয়েছে। ফলে স্টার্কদের মাঠে ফেরার বিষয়টি নির্ভর করবে তাঁদের রিহ্যাব প্রক্রিয়ার অগ্রগতির উপর।
২০২৫-২৬ মরশুমের অ্যাশেজে স্টার্ক সবক’টি ম্যাচ খেলেছিলেন। গত ১২ মাসে টেস্ট ক্রিকেটে অন্য যে কোনও পেসারের তুলনায় বেশি বল করায় তাঁর রিহ্যাবের দিকে বাড়তি নজর দিচ্ছে বোর্ড।
তবে আইপিএলের শুরুতে স্টার্কের অনুপস্থিতি দিল্লি ক্যাপিটালসের জন্য বড় ধাক্কা। গত মরশুমে অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দলের হয়ে তিনি ১১ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছিলেন।
স্টার্ক না থাকায় টুর্নামেন্টের শুরুতে দিল্লির পেস আক্রমণের নেতৃত্ব দেবেন লুঙ্গি এনগিডি। তাঁর সঙ্গে দেখা যাবে টি.নটরাজন, আকিব নবি, কাইল জেমিসন এবং দুশমন্ত চামিরাকে।
উল্লেখ্য, চামিরা এবং নটরাজন গত আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের অংশ ছিলেন। অন্যদিকে, এবারের আইপিএল নিলামে এনগিডি, জেমিসন এবং আকিবকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বাড়তি নজর দেওয়া হচ্ছে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবির দিকে। নবি চলতি মরশুমের রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ উইকেটশিকারি। বেস প্রাইস ৩০ লক্ষ টাকা থেকে বেড়ে ৮.৪০ কোটি টাকায় দলে জায়গা করে নেন। অন্যদিকে এনগিডি এবং জেমিসনকে ২ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি।
