আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত মুম্বই ইন্ডিয়ান্সের দুই বোলার শার্দুল ঠাকুর ও দীপক চাহারের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
চলতি আইপিএলে তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। শ্রীকান্ত বলেন, ফ্র্যাঞ্চাইজির উচিত টুর্নামেন্টের বাকি অংশে এই দুই ক্রিকেটারকে দলে না রেখে প্রয়োজনে তাদের চুক্তির অর্থ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া।
১৬ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে মুম্বই ইন্ডিয়ান্সের হতাশাজনক পরাজয়ের পরে এমন মন্তব্য করেছেন শ্রীকান্ত। মুম্বই ১৯৫ রানের স্কোর করলেও পাঞ্জাব কিংস মাত্র ১৬.২ ওভারে ম্যাচ জিতে নেয়। মুম্বইয়ের বোলিংয়ে দুর্বলতা রয়েছে।
ম্যাচের শুরু থেকেই কৌশলগত ভুল চোখে পড়ে। মুম্বই তাদের প্রধান স্ট্রাইক বোলার জশপ্রীত বুমরাহকে নতুন বল না দিয়ে দীপক চাহারকে দিয়ে আক্রমণ শুরু করায়। প্রথম ওভারেই ২১ রান দেন চাহার। এই ধাক্কা থেকেই পাঞ্জাবের ব্যাটসম্যানরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন।
প্রভসিমরন সিং ৩৯ বলে ৮০ রান এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩৫ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলে মুম্বই বোলিং আক্রমণকে কার্যত ধ্বংস করে দেন।
মুম্বইয়ের বোলিং ছিল হতাশাজনক। জশপ্রীত বুমরাহ ৪ ওভারে ৪১ রান দিয়ে কোনও উইকেট পাননি। অন্যদিকে শার্দুল ঠাকুর ও দীপক চাহারের জুটি ৫.৩ ওভারে ৮৭ রান খরচ করে দলকে আরও চাপে ফেলে দেয়।
পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে অধিনায়ক হার্দিক পান্ডিয়া বাধ্য হয়ে তাঁদের ওভার কমিয়ে দেন।
শ্রীকান্ত তাঁর ইউটিউবে বলেন,
''আমি বুঝতে পারছি না কেন মুম্বই ইন্ডিয়ান্স দীপক চাহারকে একাদশে খেলাচ্ছে। তাকে কেন রিটেন করা হয়েছে সেটাও বোধগম্য নয়। প্রথম ওভারেই ২১ রান দিয়েছে, আগের ম্যাচেও ২২ রান দিয়েছিল। ২.৩ ওভারে ৪৫ রান, তবুও খেলে যাচ্ছে কীভাবে?''
শ্রীকান্ত আরও বলেন, ''শার্দুল ঠাকুর ৩ ওভারে ৪২ রান দিয়েছে। দু’জন মিলে ৫.৩ ওভারে ৮৭ রান খরচ করেছে। এইভাবে বোলিং করলে ম্যাচ জেতা সম্ভব নয়। কেন এই দু'জনকে একসঙ্গে খেলানো হচ্ছে?''
কড়া ভাষায় তিনি আরও বলেন,
''ওদের বাড়ি পাঠিয়ে দিন। বেতন দিয়ে বলুন এই মরশুমে আর যেন না আসে। প্রয়োজনে পরে ডাকা যাবে। এতে কোনও ভুল নেই।''
টানা চার ম্যাচ হারের পর মুম্বই ইন্ডিয়ান্স এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায়। আগামী ২০ এপ্রিল আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইয়ের।















