আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলের প্লে-অফের লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। 

বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে কেকেআর ছ'নম্বরে উঠে এল। এই জয়ে বড় ভূমিকা নিলেন নাইট বোলাররা। যদিও উইকেট নিতে পারেননি বরুণ চক্রবর্তী। তবুও চার ওভারে মাত্র ২৮ রান দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

তবে ম্যাচ চলাকালীন তাঁর চোটের সমস্যা স্পষ্ট ধরা পড়ে। বল করার সময়ে বরুণকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় এবং পরে তাঁকে ইমপ্যাক্ট সাব হিসেবেও বদলি করা হয়।

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন জানান, বরুণের পুনর্বাসনের অবস্থা নিয়ে তিনি নিশ্চিত নন। তবে চোট নিয়েই যে বরুণ খেলছেন, তা স্বীকার করে তাঁর সাহসের প্রশংসা করেন তিনি। 

ওয়াটসন বলেন, ''এই মুহূর্তে ওর রিহ্যাব কতদূর এগিয়েছে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, বরুণ ব্যথা নিয়েই খেলছে। এটা ওর সাহস এবং দলের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতারই প্রমাণ। চোট নিয়েও বরুণ অসাধারণ বল করেছে।''

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি নাইটদের। প্রথম সাত ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। তবে সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন মণীষ পাণ্ডে ও রভম্যান পাওয়েল। চতুর্থ উইকেটে দু’জনে ৬৪ রানের জুটি গড়ে কেকেআরকে জয়ের পথে নিয়ে যান। মনীষ পাণ্ডে ৩৩ বলে ৪৫ রান করেন আর পাওয়েলের ব্যাট থেকে আসে ৩০ বলে ৪০ রান। 

এদিকে কেকেআরের তরুণ উইকেটকিপার-ব্যাটার অঙ্ককৃষ রঘুবংশী  গুরুতর চোট পেলেন মুম্বই-ম্যাচে। ইডেনে মুম্বই ব্যাটার তিলক ভার্মার ক্যাচ ধরতে গিয়ে সতীর্থ বরুণ চক্রবর্তীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন রঘুবংশী।

ঘটনার পর ১৪-তম ওভারে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে জানা যায়, তাঁর কনকাশন হয়েছে। ফলে নিয়ম অনুযায়ী কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামানো হয় তেজস্বী দাহিয়াকে। যাঁর এই ম্যাচেই আইপিএলে অভিষেক ঘটে। 

ম্যাচ শেষে কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন জানান, রঘুবংশী মাঠে ফিরতে মরিয়া ছিলেন। কিন্তু সংঘর্ষের পর তাঁর ঘাড়ে ব্যথা, মাথা ঘোরা এবং মাথাব্যথার সমস্যা দেখা দেয়। 

ওয়াটসন বলেন, ''ক্যাচ নিতে গিয়ে ও অনেকটা দৌড়েছিল। দুর্ভাগ্যজনকভাবে বরুণের সঙ্গে সংঘর্ষের কারণে ওর ঘাড়ে ব্যথা শুরু হয়। পাশাপাশি মাথা ঘোরা এবং মাথাব্যথাও ছিল। তাই রঘুবংশী ম্যাচ আর শেষ করতে পারেনি। অথচ মাঠে ফেরার জন্য ও খুবই মরিয়া ছিল।''

তিনি আরও বলেন,''রঘুবংশী ভীষণ লড়াকু ক্রিকেটার। ব্যাটিংয়ে আমরা ওকে মিস করেছি।'' 

পরের ম্যাচে কেকেআরের সামনে দিল্লি। নাইটদের আশা-নিরাশা এখন ট্র্যাপিজের দড়িতে।