আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার জশ হ্যাজলউড লখনউ সুপার জায়ান্টসের ব্যাটারদের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখান।
হ্যাজলউডের বুদ্ধিমত্তার সঙ্গে করা ক্রস সিম ডেলিভারি ব্যাটারদের সমস্যায় ফেলে এবং নিকোলাস পুরান ফের কম রানে আউট হন।
এলএসজি অধিনায়ক ঋষভ পন্থের কনুইয়ে বল লাগায় অবসৃত হয়ে মাঠ ছাড়েন। অস্ট্রেলিয়ান এই পেসার ম্যাচের সেরা হন। আরসিবি পাঁচ উইকেটে বড় জয় পায়।
ম্যাচের পর হ্যাজলউড বলেন, তিনি সবকিছু সহজ রাখতেই পছন্দ করেন এবং বেশি কিছু করার চেষ্টা করেন না, কারণ জশপ্রীত বুমরাহর মতো দক্ষতা তাঁর নেই। তিনি আলাদা করে কৃতিত্ব দেন ভুবনেশ্বর কুমারকে।
হ্যাজলউড বলেন, ''অতিরিক্ত কিছু করার দরকার নেই। পরিকল্পনা খুবই সহজ। আসল বিষয় হল সঠিকভাবে তা বাস্তবায়ন করা এবং বল ঠিক জায়গায় রাখা। প্রথম ওভারেই ভূবনেশ্বর পরিস্থিতি বুঝে নিয়েছিল, তারপর কয়েকটি ফিল্ড পরিবর্তন করা হয়। বোলিং গ্রুপ বিশেষ করে ভুবির সঙ্গে ভাল যোগাযোগ রয়েছে। সেটাই আমাদের বড় শক্তি। গতবার অ্যাওয়ে ম্যাচগুলোতে ভাল করার এটাও একটা বড় কারণ।''
ম্যাচের পর হ্যাজলউড বলেন, ''বুমরাহ বা অন্যদের মতো আমার কাছে স্লোয়ার বলের দক্ষতা নেই। তাই মাঠেই পরিস্থিতি সামাল দিতে হয়। আমি নিয়মিত অনুশীলনে নতুন কিছু নিয়ে কাজ করি এবং প্রয়োজন হলে ম্যাচে তা প্রয়োগ করার চেষ্টা করি। এই ম্যাচের মূল লক্ষ্য ছিল নির্ভুল ভাবে বল করে যাওয়া। সঠিক লেন্থে বল করা, কিছু ক্রস-সিম ডেলিভারি প্রযোগ করা এবং সবকিছু সহজ রাখা।''
৩৫ বছর বয়সী এই পেসার এখনও পর্যন্ত দু' ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন। ধীরগতির পিচে RCB যেভাবে সহজে রান তাড়া করে জিতেছে, তাতে তিনি খুশি। হ্যাজলউডকে আবার দেখা যাবে ১৮ এপ্রিল। আরসিবির মুখোমুখি দিল্লি ক্যাপিটালস।















