আজকাল ওয়েবডেস্ক: এখনও শুরুই হল না আইপিএল, তার আগে সানরাইজার্স হায়দরাবাদকে সহ্য করতে হল প্রাক্তন নাইট তারকার কটাক্ষ। 

তিনি বলেই দিলেন, সানরাইজার্স হায়দরাবাদের বোলিং বিভাগে রক্তাল্পতা রয়েছে। ২৫০ রান তুললেও, সেই রান দিয়ে দেবেন বোলাররা। 

প্যাট কামিন্স আইপিএলের গোড়ার দিকের কয়েকটি ম্যাচে নামতে পারবেন না। অজি তারকার না থাকার অর্থ হল, শক্তি খুইয়ে প্রতিযোগিতায় নামছে সানরাইজার্স। 

তিনি কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন ক্রিকেটার বলছেন, ''চ্যালেঞ্জ রয়েছে সানরাইজার্সের।  ওদের বোলিং বিভাগ দুর্বল হয়ে গিয়েছে। প্যাট কামিন্স নেই। বোলিং এমনিতেই দুর্বল হয়ে গিয়েছে। এশান মালিঙ্গা না থাকলে ব্রাইডন কার্স অথবা অন্য কাউকে খেলাতে হবে। এই বোলিং নিয়ে ম্যাচ জেতা যাবে না।'' 

আকাশ চোপড়া বলেছেন, সানরাইজার্স হায়দরাবাদ যদি ২৫০ রানও করে, তাহলে এই বোলিং আক্রমণ সেই রান রুখতে পারবে না। 

আকাশ চোপড়া বলছেন, ''ওদের বোলিংয়ে আমি চোখ বোলালাম। অমিত কুমার, প্রফুল্ল হিনজ, শাকিব হুসেইন, ওমকার তারমালে, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, হর্ষল প্যাটেল, শিবম মাভি, শিভাং কুমার ও হর্ষ দুবে। বোলিং কিন্তু দুর্বল। এই বোলিং নিয়ে কীভাবে ওরা এগোবে এটাই দেখার। ২৫০ রান করলেও সেই রান তুলে নেবে প্রতিপক্ষ।'' 

সানরাইজার্স হায়দরাবাদে নেই অস্ট্রেলিয়ার জোরে বোলার জ্যাক এডওয়ার্ডস। গোটা মরশুমের জন্যই তিনি ছিটকে গিয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার পেসার এশান মালিঙ্গাও শুরুর দিকে নামতে পারবেন না।