আজকাল ওয়েবডেস্ক: বরুণ চক্রবর্তীর চোট নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়ে পায়ে চোট পান এই তারকা স্পিনার।
জানা গিয়েছে, তাঁর পায়ে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। তবুও তাঁকে ম্যাচে খেলানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিসিসিআই।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ পায়ে চোট পান বরুণ। এরপর তাঁকে লেগ ব্রেস এবং স্টিক নিয়ে হাঁটতে দেখা যায়। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই তিনি আবার মাঠে নামেন। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে চার ওভার বলও করেন। যদিও সেই ম্যাচে তিনি ৪৭ রান খরচ করেন।
বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, কেকেআর ফিজিও এবং ভারতীয় দলের ফিজিও কমলেশ জৈনের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে। তাঁর দাবি, কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে বরুণের ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। প্রয়োজনে বিসিসিআই মেডিক্যাল টিম হস্তক্ষেপও করতে পারে।
প্রশ্ন উঠছে, যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে চোটের কারণে বরুণকে বিশ্রাম দেওয়া হয়ে থাকে, তাহলে মাত্র চার দিনের ব্যবধানে কীভাবে তিনি আবার খেলতে নামলেন? হেয়ারলাইন ফ্র্যাকচার থেকে এত দ্রুত সেরে ওঠা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
অন্যদিকে, নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে-সহ কেকেআর শিবির বরুণের লড়াকু মানসিকতার প্রশংসা করেছে। চোট নিয়েও দলের প্রয়োজনে মাঠে নামায় তাঁকে কুর্নিশ জানিয়েছেন সতীর্থরা।
এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে কেকেআর। আগামী ২০ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা।
এরপর ২৪ মে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে নাইটরা। বরুণ সেই ম্যাচগুলিতে খেলবেন কি না, তা নিয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।
তবে কেকেআরের সামনে সমীকরণ স্পষ্ট — প্লে-অফে পৌঁছতে হলে বাকি দুই ম্যাচ জিততেই হবে।















