আজকাল ওয়েবডেস্ক: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাসমারোহে শুরু হল ১০তম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ ২০২৬। সেইশিনকাই শিটো-রিউ ক্যারাটে-ডো ফেডারেশনের উদ্যোগে এবং ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সহযোগিতায় তিনদিনব্যাপী আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই সম্মানজনক প্রতিযোগিতাটি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত।
৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় দেশ এবং বিদেশের বহু খ্যাতনামা প্রতিযোগী অংশগ্রহণ করছেন। জানা গিয়েছে, প্রতিযোগীর সংখ্যা প্রায় ৮০০০। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শমিক ভট্টাচার্য এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। এছাড়া খেলার মাঠে অ্যাথলিটদের জরুরি চিকিৎসা পরিষেবার জন্য অফিশিয়াল মেডিকেল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে মনিপাল হসপিটালস। যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, আত্মরক্ষা এবং ক্রীড়া নৈপুণ্য গড়ে তোলাই এই আন্তর্জাতিক আয়োজনের মূল লক্ষ্য।
















