আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৯ দিন বাকি। এর মধ্যেই আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের প্রথম পছন্দের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। আঙুলের চোটে ভুগছেন এই তারকা গোলরক্ষক। ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
গত বুধবার ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে অ্যাস্টন ভিলা। সেই ম্যাচে চোট নিয়েই দলের পোস্ট সামলান মার্তিনেজ। ফাইনালের আগে অনুশীলনের সময়ে ডান হাতের অনামিকায় চোট পান তিনি। জানা গিয়েছে, আঙুলটি সামান্য মচকে গিয়েছে এবং আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, পুরোপুরি সুস্থ হতে মার্তিনেজের অন্তত ২০ দিন সময় লাগতে পারে। অথচ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে কোচ লিওনেল স্কালোনির দল।
অন্যদিকে ‘টিওয়াইসি স্পোর্টস’-এর দাবি, প্রথম ম্যাচের আগেই মার্তিনেজের সেরে ওঠার সম্ভাবনাই বেশি। তবে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ফলে শেষ পর্যন্ত তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
এদিকে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দু'টি প্রস্তুতি ম্যাচে মার্তিনেজকে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামায় দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল মার্তিনেজের। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছিলেন ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শেষ মুহূর্তে বাঁ পা ছুড়ে সেভ আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেয়। পরে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে। পরে টাইব্রেকারে কিংসলে কোম্যানের শটও রুখে দেন এই গোলরক্ষক। কেরিয়ারে এখন পর্যন্ত সাতটি ফাইনাল খেলেছেন মার্তিনেজ এবং সবগুলোতেই জয়ের হাসি হেসেছেন।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মার্তিনেজকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না স্কালোনি। তাই প্রস্তুতি ম্যাচ দু'টিতে রিভার প্লেটের গোলকিপার সান্তিয়াগো-কে খেলানোর পরিকল্পনা করা হয়েছে।















