আজকাল ওয়েবডেস্ক: ইউনিটি কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত হতাশ হতে হল ভারতীয় ফুটবল দলকে।
শনিবার লন্ডনের দ্য ভ্যালি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জিম্বাবোয়ের কাছে ১-০ গোলে পরাজিত হয় ভারত। ফলে টুর্নামেন্টে টানা দু’টি ম্যাচ হেরে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে খালিদ জামিলের দলকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জিম্বাবোয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে এগিয়ে থাকা আফ্রিকার দলটি গতি ও শারীরিক সক্ষমতার জোরে ভারতীয় রক্ষণকে বারবার চাপে ফেলে। যদিও প্রথমার্ধে ভারতের ডিফেন্স বেশ সংগঠিত ছিল, তবুও ৩৩ মিনিটে বড় ধাক্কা খেতে হয় ব্লু টাইগার্সদের।
জিম্বাবোয়ের আক্রমণ প্রতিহত করতে গিয়ে পেনাল্টি দিয়ে বসে ভারত। স্পট-কিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন প্রিন্স। শেষ পর্যন্ত তাঁর করা সেই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
বল দখলে রাখার চেষ্টা করলেও আক্রমণভাগে কার্যকর হতে পারেনি ভারত। দুই প্রান্তে লালিয়ানজুয়ালা ছাংতে ও বিক্রম প্রতাপ সিং এবং সামনে রহিম আলিকে রেখে আক্রমণ সাজানো হলেও প্রথমার্ধে লক্ষ্যে কোনও শট রাখতে পারেনি দল। চোটের কারণে গুরুত্বপূর্ণ স্ট্রাইকার রায়ান উইলিয়ামসের অনুপস্থিতিও ভুগিয়েছে ভারতকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার একাধিক সুযোগ তৈরি করেছিল ভারত। ছাংতের একটি জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় দল। অন্যদিকে পাল্টা আক্রমণে ভারতের উপর চাপ বজায় রাখে জিম্বাবোয়ে।
শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে ইউনিটি কাপের তৃতীয় স্থান নিশ্চিত করে জিম্বাবোয়ে। আর টুর্নামেন্টে কোনও জয় ছাড়াই হতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে ভারতীয় দলকে।















