আজকাল ওয়েবডেস্ক: গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ভারতের জন্য সুখবর। যা এনে দিলেন তারকা বক্সার লাভলিনা বরগোহাঁই। ড্রয়ের কারণে সরাসরি সেমিফাইনালে চলে গেলেন ভারতের মহিলা বক্সার। রিংয়ে না নেমেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন ভারতীয় বক্সার। ফলে গেমসে ভারতের প্রথম পদক কার্যত নিশ্চিত হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠানের আগেই। ওপেনিং সেরেমোনিতে ভারতের পতাকাবহন করবেন অলিম্পিক পদকজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু এবং ব্যাটন বহন করবেন লাভলিনা বরগোহাঁই। দেশের দুই তারকা ক্রীড়াবিদকে এই সম্মান দেওয়ায় ক্রীড়ামহলে প্রশংসার ঝড় উঠেছে।
বৃহস্পতিবার ১২৪ সদস্যের ভারতীয় দল গ্লাসগোয় তাঁদের অভিযান শুরু করছে। এবারের গেমসে ইভেন্টের সংখ্যা আগের তুলনায় অনেক কম হলেও ভারতীয় দল সর্বোচ্চ সাফল্য অর্জনের লক্ষ্য নিয়েই নামছে। ভারতের প্রথম প্রতিযোগিতা হবে লন বোলসে। ২০২২ কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক পদকজয়ী ভারতীয় লন বোলস দল এবারও বিশ্বের সেরাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। তবে গেমস শুরুর আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। কমনওয়েলথ থেকে ছিটকে গেলেন জুডো তারকা অরুণ কুমার। ডোপ পরীক্ষায় অ্যানাবলিক স্টেরয়েডে পজিটিভ ধরা পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। ৩১ জুলাই থেকে পুরুষদের জুডো প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। এছাড়া একাধিক অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য ভারতের ভারোত্তোলন দলের কোটা কমে ১১-তে নেমে এসেছে। সেই কারণেই ভারোত্তোলক দিলবাগ সিংকেও গেমস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এক সূত্র জানিয়েছে, পিঠের চোটের জন্য দিলবাগ প্রস্তুতি শিবিরে অনুশীলনই করতে পারেননি। তাই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হয়েছে।
এদিকে ভারতের বক্সিং দল নিয়ে আশাবাদী কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী এবং ভারতের প্রাক্তন মহিলা দলের কোচ মহম্মদ আলি কামার। তাঁর মতে, লাভলিনার অভিজ্ঞতা ভারতের বড় সম্পদ। কামার বলেন, 'লাভলিনা বহু বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে খেলছে। ওর অলিম্পিক পদক রয়েছে এবং প্রচুর অভিজ্ঞতা আছে। ভালভাবে প্রস্তুতি নিতে পারলে ও অবশ্যই ভাল ফল করবে। যদিও শেষ পারফরম্যান্স খুব ভাল ছিল না।' কামার আরও বলেন, '৭৫ কেজি বিভাগে ইংল্যান্ড, স্কটল্যান্ড, কানাডা এবং অস্ট্রেলিয়ার শক্তিশালী বক্সারদের বিরুদ্ধে খেলতে হবে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বক্সাররা খুব ভাল। তবু লাভলিনার সুযোগ রয়েছে পদক জেতার।' ভারতের অন্যান্য মহিলা বক্সারদের নিয়েও আশাবাদী কামার। অরুন্ধতী, সাক্ষী মালিক, জ্যাসমিন, প্রীতি, প্রিয়াদেরও পদকের বিষয়ে আশাবাদী ভারতের প্রাক্তন কোচ।
















