আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর এই প্রথম বিদেশ সফরে যাবে ভারতীয় দল। কিন্তু এখনও আসন্ন সফরের জন্য দল বাছাই করেনি বোর্ডের নির্বাচক মণ্ডলী। কিন্তু তাঁদের সফরসূচি ঠিক করতে ব্যর্থ বিসিসিআই। শোনা যাচ্ছে গৌতম গম্ভীর সহ প্রথম গ্রুপ ৬ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবে। বাকি দল আইপিএল শেষ হলে যাবে। বোর্ডের এক সিনিয়র অফিসিয়াল জানান, 'যারা আইপিএলের লিগ পর্ব থেকে বিদায় নিচ্ছে, তাঁরা কোচ গম্ভীরের সঙ্গে ৬ জুন রওনা হবে। বাকিরা আইপিএল শেষ হলে যাবে।'
গম্ভীর এখন থেকেই ইংল্যান্ড সফরের প্রস্তুতি শুরু করে দিতে চাইছেন। বর্তমানে টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফের অধিকাংশ দেশে নেই। তাঁরা সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে পারে। টেস্ট দল ঘোষণার পর সেটা চূড়ান্ত হবে। প্রাথমিকভাবে ২৫ মে প্রথম ব্যাচের রওনা হওয়ার কথা ছিল। কিন্তু মাঝে সাতদিন আইপিএল বন্ধ থাকায় ফাইনালের দিন পিছিয়ে যায়। যারা আইপিএল খেলছে না বা প্লে অফে নেই, তাঁরা গম্ভীরের সঙ্গে প্রথম গ্রুপে রওনা দেবে। বাকিরা টুর্নামেন্ট শেষের পর। সপ্তাহের শুরুতে ভারতীয় এ দল ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি ঘোষণার জন্য দল ঘোষণা পিছিয়ে দেওয়া হয়।
















