আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফর আর এশিয়ান গেমস প্রায় একই সঙ্গে চলবে। সেই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে ভারতকে। এর মধ্যে রয়েছেন দলের সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারও।
বর্তমান সূচি অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। অন্যদিকে, জাপানে হতে চলা এশিয়ান গেমসের পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ফলে একই সময়ে দু'টি টুর্নামেন্ট থাকায় আলাদা দু'টি দল গঠন করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
এশিয়ান গেমসের জন্য নির্বাচিত ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। ফলে নিয়মিত ওয়ানডে দলের অন্তত আটজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই নামতে হবে ভারতকে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনুপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে শ্রেয়স আইয়ার, ঈশান কিশান, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, জশপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিংয়ের।
এই আটজনের মধ্যে শ্রেয়স, ঈশান, অক্ষর, ওয়াশিংটন, বুমরাহ ও অর্শদীপ সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজে খেলেছিলেন। অন্যদিকে, চোটের কারণে সেই সিরিজে খেলতে পারেননি নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানা।
একাধিক নিয়মিত ক্রিকেটারের অনুপস্থিতিতে নির্বাচকরা নতুন এবং সাম্প্রতিক সময়ে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের সুযোগ দিতে পারেন। সম্ভাব্যদের তালিকায় রয়েছেন যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, হর্ষ দুবে, প্রিন্স যাদব, গুরনূর ব্রার, মহম্মদ সিরাজ এবং আয়ুষ বাদোনি। তাঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই ভারতের হয়ে ওয়ানডে খেলেছেন, বাকিরা স্কোয়াডে ছিলেন।
এদিকে, এশিয়ান গেমস ২০২৬-এর জন্য ঘোষিত ভারতের টি-টোয়েন্টি দলে অধিনায়ক হিসেবে রয়েছেন শ্রেয়স আইয়ার। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন তিলক ভার্মা। এছাড়া দলে আছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশান, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জশপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং এবং বৈভব সূর্যবংশী।
















