আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডকে অল্প রানের মধ্যে অলআউট করার ফায়দা তুলতে পারল না টিম ইন্ডিয়া। ২৬৩ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। ইনিংস শেষে মাত্র ২৮ রানে এগিয়ে রোহিতরা। তৃতীয় টেস্টেও ব্যাটিং ভরাডুবি। কিউয়িদের ২৩৫ রানের জবাবে বড় স্কোর খাড়া করতে ব্যর্থ টিম ইন্ডিয়া। শুভমন গিল এবং ঋষভ পন্থ ছাড়া বাকিরা রান পায়নি। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৮৬। ক্রিজে ছিলেন শুভমন এবং ঋষভ। দু'জনেই অর্ধশতরান করেন। দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। একটুর জন্য শতরান হাতছাড়া করেন গিল। ১৪৬ বলে ৯০ রানে আউট হন। ইনিংসে ছিল ১টি ছয়, ৭টি চার। উইকেটের অন্য প্রান্তে ৫৯ বলে ৬০ রান করে আউট হন পন্থ। একদিনের মেজাজে খেলেন। ২টি ছয়, ৮টি চার দিয়ে সাজান ইনিংস। পঞ্চম উইকেটে ৯৬ রান যোগ করে এই জুটি। কিন্তু দু'জন আউট হতেই ফের ভারতের ব্যাটিংয়ের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ে।
রান পাননি রবীন্দ্র জাদেজা (১৪), সরফরাজ খান (০), রবিচন্দ্রন অশ্বিন (৬)। ভারতের লোয়ার অর্ডার ডাহা ব্যর্থ। একা কিছুটা চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর। ৩৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। ভারতীয় অলরাউন্ডারের জন্যই নিউজিল্যান্ডের রান পেরোতে পারে ভারত। তবে এদিন সরফরাজকে কেন আট নম্বরে নামানো হল, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রোহিত, গম্ভীরের স্ট্র্যাটেজির কটাক্ষ করেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। বেঙ্গালুরু টেস্টে ১৫০ রান করেন সরফরাজ। মুম্বইয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর রেকর্ড ভাল। এই অবস্থায় তাঁর ব্যাটিং পজিশনে পরিবর্তন করা নিয়ে প্রশ্ন উঠেছে। ৫ উইকেট নেয় আজাজ প্যাটেল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চায়ের বিরতিতে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ২৬। এখনও ২ রানে পিছিয়ে। ফিরে গিয়েছেন টম লাথাম। ব্যক্তিগত ১ রানে কিউয়ি অধিনায়ককে বোল্ড করেন আকাশ দীপ। ক্রিজে আছেন ডেভন কনওয়ে (১৫) এবং উইল ইয়ং (৮)।
















