আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নাটক চলছেই। আইসিসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ২১ ফেব্রুয়ারির মধ্যে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে। 

বাংলাদেশ যদি শেষমেশ বিশ্বকাপ না খেলে তাহলে বিকল্প দেশ হিসেবে স্কটল্যান্ডের কথাও ভেবে রেখেছে আইসিসি। এরকম খবর ছড়িয়ে পড়েছে। 

তবে যে খবর ভেসে এসেছে স্কটল্যান্ডকে নিয়ে তা হল, তাদের নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখনও এ বিষয়ে কোনও কথাবার্তাই করেনি স্কটল্যান্ডের সঙ্গে। কিন্তু যদি পড়ে পাওয়া চোদ্দো আনার মতো বিশ্বকাপে খেলার ডাক আসে, তাহলে স্কটল্যান্ডের ক্রিকেটাররা খেলতে প্রস্তুত বিশ্বকাপ। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে জানিয়েছে, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের জন্য ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। তাদের ম্যাচের ভেন্যু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক। এই মর্মে চিঠি পাঠিয়েছে আইসিসি-কে। 

কিন্তু আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ শুরু হতে আর একমাসও বাকি নেই। ফলে এত দ্রুত ম্যাচের ভেন্যু সরানো যাবে না। এই পরিস্থিতিতে বাংলাদেশকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে। 

এই পরিস্থিতিতে ভেসে উঠেছে স্কটল্যান্ডের নাম।  কারণ স্কটিশরা বিশ্বকাপে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে র‌্যাংকিংয়ে সবার থেকে উপরে রয়েছে। সেই কারণেই বাংলাদেশ যদি সত্যিই টুর্নামেন্ট থেকে বেরিয়ে যায়, তাহলে স্কটল্যান্ড ঢুকে পড়তে পারে। এরকম সম্ভাবনা রয়েছে। 

তবে খবরের ভিতরের খবর বলছে অন্য কথা। এই মুহূর্তে আইসিসি-র তরফ থেকে স্কটল্যান্ডের সঙ্গে কথাবার্তাই বলা হয়নি এই ব্যাপারে।  স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডও স্বতোঃপ্রণোদিত হয়ে কথা বলতে নারাজ আইসিসি-র সঙ্গে। পরিস্থিতির দিকে নজর রাখছে তারা। 

ইউরোপের বাছাইপর্বে চতুর্থ স্থান পেয়েছিল স্কটল্যান্ড। তার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ হারায় স্কটল্যান্ড। ইতালি আর নেদারল্যান্ডস বিশ্বকাপের টিকিট জোগাড় করে ফেলেছে। 

এদিকে মার্চে নামিবিয়া ও ওমানের সঙ্গে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ রয়েছে স্কটল্যান্ডের। 

এদিকে বুধবারের মধ্যে বাংলাদেশকে সিদ্ধান্ত জানাতে হবে। তার পরই পরিবর্ত সিদ্ধান্ত নেবে আইসিসি। 

এর আগেও অবশ্য এমন নজির রয়েছে। 
২০০৯ সালে রাজনৈতিক কারণের জন্য জিম্বাবোয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিল। সেই জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়েছিল। তখন অবশ্য বাছাইপর্বের সেরা দল ছিল স্কটল্যান্ড। 

এখন বদলে গিয়েছে পরিস্থিতি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ নেওয়া নিয়ে চলছে নাটক। প্রতিদিনই ভেসে আসছে একের পর এক খবর। বাংলাদেশ যেরকম চরমপন্থা নিয়েছিল, এখন কি তারা পিছিয়ে আসবে, তা নিয়েই রয়েছে প্রশ্ন। বুধবারের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে বিষয়টি।