আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলল আইসিসি। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবোয়েতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আইসিসির গভর্নিং বোর্ড ৪ অক্টোবর টুর্নামেন্ট শুরু করতে চাইছে। ২১ নভেম্বর ফাইনাল। আইপিএল ফাইনালের সময় আহমেদাবাদে আইসিসি গভর্নিং বডির বৈঠক বসে। সেখানেই দিনক্ষণ চূড়ান্ত হয়। ২০২৭ একদিনের বিশ্বকাপে মোট ৫৪টি ম্যাচ হবে। তারমধ্যে ৪১টি ম্যাচ দক্ষিণ আফ্রিকায় হবে। ৮টি ম্যাচ হবে জিম্বাবোয়েতে। ৩টি হবে নামিবিয়াতে। ২০০৩ সালের পর বিশ্বকাপ আয়োজন করেছি দক্ষিণ আফ্রিকা। তবে ২০০৭ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল প্রোটিয়াদের দেশে। এছাড়াও ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩ উইমেন্স টি-২০ বিশ্বকাপের আয়োজন করে দক্ষিণ আফ্রিকা।
বছরের শেষে হংকংয়ে আইসিসির বৈঠকে বিশ্বকাপের সূচি চূড়ান্ত হবে। রিপোর্ট অনুযায়ী, ক্যালেন্ডার নির্ধারিত করতে বাধা হতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। বিশ্বকাপের দিনক্ষণ প্রাথমিকভাবে নির্ধারিত হওয়ায় বিরাট কোহলি এবং রোহিত শর্মার দেশের জার্সিতে ভবিষ্যত কিছুটা স্পষ্ট। টিম ইন্ডিয়ার জার্সিকে বিদায় জানাতে এক বছরেরও বেশি সময় রয়েছে দুই মহারথীর সামনে। রোহিতের বয়স ৩৯, কোহলির ৩৭। দু'জনেই টেস্ট ক্রিকেট এবং টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ায়, তাঁদের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। কারণ বছরের বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয় দুই তারকাকে। সম্প্রতি একদিনের ক্রিকেটে কয়েকটি ভাল ইনিংস রয়েছে কোহলির। রোহিত ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন। অনেক ওজন কমিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, আগামী দেড় বছর কি এটা চালিয়ে যেতে পারবেন রো-কো?















