আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান ম্যাচের আগে একি মন্তব্য করলেন বসিত আলি! যা শুনে চক্ষু চড়কগাছ ক্রিকেট বিশেষজ্ঞ থেকে সমর্থকদের। ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলম্বোয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা ৯৩ শতাংশ। ক্রিকেট ভক্তরা প্রার্থনা করছে, যাতে বৃষ্টি না হয়। এমন সময়ই একটি অদ্ভুত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। তিনি চাইছেন বৃষ্টি হোক। বৃষ্টি প্রসঙ্গ উঠতেই বসিত আলি বলেন, 'আমি চাইব ভগবান বৃষ্টি দিক। আমি বৃষ্টি চাই।' 

টি-২০ ম্যাচে রেজাল্ট পাওয়ার জন্য দল প্রতি পাঁচ ওভার খেলা বাধ্যতামূলক। এটা না হলে, খেলা পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতিতে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যায়। এক পয়েন্ট করে পায় দুই দলই। গ্রুপ পর্বের ম্যাচে কোনও রিজার্ভ ডে নেই। দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে গ্রুপে এক এবং দুই নম্বরে রয়েছে ভারত এবং পাকিস্তান। নেট রান রেটে এগিয়ে ভারত। পয়েন্ট ভাগ হয়ে গেলে এক ম্যাচ বাকি থাকতেই সুপার এইটে পৌঁছে যাবে দুই দল। গ্রুপের বাকি তিন দল মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং নামিবিয়া সর্বোচ্চ চার পয়েন্টে পৌঁছতে পারে। 

রবিবার কলম্বোয় দিনের বেলা বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রাতে সেটা কমে ২৫ শতাংশ হবে। এদিকে কয়েকটা স্থানীয় রিপোর্টে বলা হয়েছে, ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা ৪৯ থেকে ৬৫ শতাংশ হতে পারে। তাও আবার সন্ধে সাতটায়। তবে একটাই স্বস্তি, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত বৃষ্টির জন্য কোনও ম্যাচ ভেস্তে যায়নি। তাই আশা করা যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচেও বৃষ্টি রক্তচক্ষু দেখাবে না।