আজকাল ওয়েবডেস্ক: ভারতের নিয়মিত অধিনায়ক তিনি কোনও সময়েই ছিলেন না। ২০১১ বিশ্বকাপ ফাইনালে তাঁর খেলা দুর্দান্ত ৯৭ রানের ইনিংস অন্তরালে চলে গিয়েছে ধোনির মারা বিশাল ছক্কায়। তাতেও অবশ্য আক্ষেপ নেই গুরু গম্ভীরের। তাঁর কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হল টুর্নামেন্ট জয়। বড় টুর্নামেন্ট জেতার ব্যাপারে গম্ভীর কিন্তু সফল।
গম্ভীর এক সময়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যান ছিলেন। খেলেন ৫৮টি টেস্ট। করেছেন ৯টি সেঞ্চুরি। তাঁর ঝুলিতে ৪,১৫৪ রান। ওয়ানডে খেলেছেন ১৪৭টি। রান করেন ৫,২৩৮। ছ'টি ওয়ানডেতে দেশকে নেতৃত্ব দেন। এক সাক্ষাৎকারে গম্ভীর বলেন, “আমি কিছু নিয়েই আক্ষেপ করি না। আমার বাড়িতে দুটি বিশ্বকাপ মেডেল আছে। ভারতে ক'জনের বাড়িতে তা আছে? খুবই কম। মাত্র কয়েকজনের দু'টি বিশ্বকাপ মেডেল আছে।''
গম্ভীরের সংযোজন, ''কেরিয়ারের দিকে ফিরে তাকালে বলতে পারি, ১০০ টেস্ট খেলতে পারতাম, যদি আরও বেশি অধিনায়কত্ব করতে পারতাম!'' গম্ভীর বলেন, ''আমি অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলিনি। ২০০৭ বিশ্বকাপ খেলিনি। প্রথম যে বিশ্বকাপ খেলেছি,সেটা জিতেছি। ৫০ ওভারের ক্রিকেটেও নিজের প্রথম বিশ্বকাপ জিতেছি। ফাইনালে রান করেছি। ক'জন তা পেরেছে?''
তাঁর নিন্দকদের জবাব দিয়ে বলছেন, ''১০ হাজার রান খুব গুরুত্বপূর্ণ নয়। আসল ব্যাপার হল, কে ক'টা বড় টুর্নামেন্ট জিতেছে। বাড়িতে ক'টা বিশ্বকাপ মেডেল আছে।'' চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন গুরু গম্ভীর। এবার অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে যাচ্ছেন ইংল্যান্ড সফরে। কী করে তাঁর দল সেটাই দেখার।
















