আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনা মানেই মেসি। মেসি মানেই ভক্তকূল। এবারও তার অন্যথা হল না। বিশ্বের যে প্রান্তেই যান না কেন, ঘিরে ধরে সাপোর্টাররা। বিশ্বকাপের প্রাক্কালে আবার তেমনই একটি উদাহরণ। ক্যানসাস সিটিতে থাকছে আর্জেন্টিনা দল। মেসিদের হোটেলের আশেপাশে রোজই ভিড় জমছে। বিশ্বকাপজয়ী অধিনায়কের এক ঝলক পাওয়ার জন্য মরিয়া সবাই। বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে আর্জেন্টিনা। সংবাদমাধ্যমের জন্য খুলে দেওয়া হয়েছিল বুধবারের প্র্যাকটিস সেশন। এই সুযোগ ছাড়েনি প্রচারমাধ্যম। মেজর লিগ সকার ক্লাব ক্যানসাস সিটির মাঠে ট্রেনিং করছে আর্জেন্টিনা। সেখানে ভিড় জমায় সাংবাদিকরা। 

১৬ জুন অ্যারোহেড স্টেডিয়ামে অ্যালজেরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ধরে রাখার যাত্রা শুরু করবেন মেসিরা। আগের সপ্তাহে বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করেন লিওনেল স্কালোনি। ৩৯ এ পা দিতে আর একমাসও বাকি নেই লিওর। তাঁকে কেন্দ্র করেই সাজানো হয়েছে দল। চার বছর আগে কাতারে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলা দলের ১৭ জন ফুটবলার রয়েছে এবারের বিশ্বকাপ দলে। তবে বিশ্বকাপের আগে সমর্থকদের যথেষ্ঠ চাপে ফেলে দিয়েছেন মেসি। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে হালকা টান আছে তারকা ফুটবলারের। এখনও সম্পূর্ণ ফিট হননি। তাই বিশ্বকাপের আগে ফ্রেন্ডলি ম্যাচে তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হবে না। 

বুধবার সবার শেষে প্র্যাকটিস যোগ দেন মেসি। মাঠের ধারে হালকা কন্ডিশনিং করেন। প্র্যাকটিস দেখার সুযোগ দিলেও, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেয়নি কোনও প্লেয়ারকে। শনিবার টেক্সাসে হন্ডুরাসের বিরুদ্ধে প্রথম প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে পর্যন্ত ক্যানসাস সিটিতে প্র্যাকটিস করবেন মেসিরা। এরপর আইসল্যান্ড এবং আলাবামার বিরুদ্ধে খেলার পর আবার ক্যানসাসে ফিরবে। রবিবার চার্টার্ড বিমানে আর্জেন্টিনা দলের হোম বেসে পৌঁছে যায় অধিকাংশ ফুটবলার। ফ্লাইট নম্বর ছিল ১৯৭৮। একই বছর নেদারল্যান্ডকে হারিয়ে খেতাব জিতেছিল আর্জেন্টিনা। তাই এবার বিমানের নম্বর এমন রাখা হয়। বিমানের রং ছিল আর্জেন্টিনার জার্সির নীল-সাদা রংয়ে। ফ্লাইটের ল্যাজে ছিল মেসির জার্সি নম্বর। তার কিছু ঘণ্টা পরে ফ্লোরিডা থেকে একটি বিশেষ চার্টার্ড বিমানে ক্যানসাস সিটিতে পৌঁছন লিও। কাতার বিশ্বকাপজয়ীদের স্বাগত জানাতে হোটেলের বাইরে উপচে পড়ে ভিড়। ক্যানসাস সিটিতে ট্রেনিং করতে চেয়েছিল ইংল্যান্ড দল। কিন্তু বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে প্রাধান্য দেওয়া হয়। গরম এড়ানোর জন্য বিকেলে প্র্যাকটিস করছেন মেসিরা।