আজকাল ওয়েবডেস্ক: গ্লাসগো কমনওয়েলথ গেমসে ইতিহাস সৃষ্টি করলেন ভারতের গুলবীর সিং। স্কটস্টন স্টেডিয়ামে ১০ হাজার মিটার দৌড়ে রুপোর পদক জিতে ভারতের প্রথম পুরুষ অ্যাথলিট হিসেবে এই নজির গড়েন তিনি।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে গুলবীর ২৭:৪৯.৮ সেকেন্ড সময় করে দ্বিতীয় স্থান অর্জন করেন। ভারী বৃষ্টির কারণে ট্র্যাক ভিজে থাকলেও তাঁর লড়াইয়ে কোনও খামতি ছিল না।
১০ হাজার মিটারে এর আগে কমনওয়েলথ গেমসে ভারতের একমাত্র ট্র্যাক পদক এসেছিল ২০১০ সালের দিল্লি কমনওয়েলথ গেমসে। সেবার মহিলাদের ১০ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন কবিতা রাউত।
এবার গুলবীরকে সোনা থেকে বঞ্চিত করেন অস্ট্রেলিয়ার কাই রবিনসন। তিনি ২৭:৪৮.৯৩ সেকেন্ড সময় করে সোনা জেতেন। ব্রোঞ্জ পদক পান ডেভিড ম্যালারকি।
দৌড়ের প্রথমার্ধে গুলবীর ছিলেন শীর্ষস্থানীয়দের মধ্যে। ৪,০০০ মিটার পর্যন্ত তিনি তৃতীয় স্থানে ছিলেন। অর্ধেক পথ অতিক্রম করার সময় নেমে যান ষষ্ঠ স্থানে। শেষ ১,০০০ মিটারে তিনি উঠে আসেন চতুর্থ স্থানে। এরপর শেষ মুহূর্তের দুর্দান্ত স্প্রিন্টে দ্বিতীয় স্থান নিশ্চিত করেন তিনি।
বৃষ্টিভেজা কঠিন পরিস্থিতিতেও গুলবীরের লক্ষ্য ছিল একটাই। পদক জয়। প্রতিযোগিতা শেষে তিনি বলেন, “একটানা বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমি একটা জিনিসই ভাবছিলাম, আমাকে পদক জিততেই হবে। সরকার এবং সংস্থা আমাদের জন্য অনেক বিনিয়োগ করেছে। আমি পদক নিয়ে ফিরতে চেয়েছিলাম।”
গুলভীরের কোচ স্কট সিমন্স তাঁর প্রশংসা করে বলেন, “গুলবীর বিশ্বমানের প্রতিযোগিতায় লড়াই করার ক্ষমতা রাখে। আমি মনে করি, এটা শুধু শুরু।”
















