আজকাল ওয়েবডেস্ক: সময়টা ভাল যাচ্ছে না রোহিত শর্মার। ব্যাটে রান নেই। নেতৃত্বে বেশ কিছু ভুল সিদ্ধান্ত। নিউজিল্যান্ডের কাছে প্রথম টেস্ট হারের পর ভারত অধিনায়ককে তুলোধোনা করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইন্টারনেটেও ট্রোল হতে হয়। সব ভুলে প্রত্যাবর্তনের লক্ষ্যে দ্বিতীয় টেস্টে নামবেন ভারতের নেতা। কিউয়িদের বিরুদ্ধে পুনেতে নামার আগে এক মহিলা সমর্থকের সঙ্গে রোহিতের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা মন জিতে নিয়েছে নেটিজেনদের। মঙ্গলবার পুনের এমসিএ স্টেডিয়ামে প্র্যাকটিস শেষে রোহিতের কাছে অটোগ্রাফের আবদার করেন এক মহিলা সমর্থক। একইসঙ্গে কোহলিকে তাঁর একটি বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। সেই মহিলা সাপোর্টার বলেন, 'রোহিত ভাই, অটোগ্রাফ দেওয়ার অনুরোধ করছি।' রোহিত অটোগ্রাফ দেওয়ার সময় সংশ্লিষ্ট মহিলা সমর্থক তাঁর উদ্দেশে বলেন, 'বিরাটকেও বলে দেবেন তাঁর বিশাল বড় একজন ভক্ত এসেছিল।' এটা শুনে অবাক হয়ে যায় ভারতের নেতা। মন রাখেন মহিলা ফ্যানের। মুহূর্তের মধ্যে রোহিতের জবাব, 'আমি বিরাটকে বলে দেব।' এই কথোপকথনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। যা আরও একবার মন জিতে নিয়েছে রোহিত ভক্তদের।
বৃহস্পতিবার পুনেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু। পূর্ণশক্তির দল নিয়েই নামবে ভারত। চোট সারিয়ে ফিরবেন শুভমন গিল। উইকেটের পেছনে দেখা যাবে ঋষভ পন্থকে। দ্বিতীয় টেস্ট চলাকালীন উইকেটকিপিং করার সময় হাঁটুতে চোট পান। তারপর আর উইকেটের পেছনে দেখা যায়নি তাঁকে। বাকি সময়টা উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেন পন্থ। মাত্র এক রানের জন্য শতরান হাতছাড়া করেন। ৯৯ রানে আউট হন। তবে পুনেতে পন্থের খেলার বিষয়ে আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ঘাড়ের চোট সারিয়ে ফিরবেন গিলও। যার ফলে একজন ব্যাটারকে দল থেকে বাদ পড়তে হবে। গৌতম গম্ভীর না চাইলেও বাদ পড়তে হতে পারে কেএল রাহুলকে। দ্বিতীয় টেস্টে বাউন্স ব্যাক করার লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া।
















