আজকাল ওয়েবডেস্ক:আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ। চূড়ান্ত হওয়া ২৬ সদস্যের অত্যন্ত শক্তিশালী দলে চমকের মধ্যে রয়েছে এডুয়ার্ডো কামাভিঙ্গার জায়গা না হওয়া। সাম্প্রতিক ফিফা ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ফ্রান্সকে এবারের বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ধরা হচ্ছে।

ফ্রান্স দলের নেতৃত্বে থাকছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। আক্রমণভাগে তার সঙ্গে রয়েছেন উসমান ডেম্বেলে এবং মাইকেল ওলিসে। মিডফিল্ডে রয়েছেন অরিলেন টুয়ামেনি, এনগোলো কান্তে।

রক্ষণে তারকাদের মধ্যে রয়েছেন উইলিয়াম সালিবা, জুলস কুণ্ডে, থিও হার্নান্ডেজ। লাস্ট লাইন অফ ডিফেন্স হিসেবে গোলে থাকছেন দলের প্রথম পছন্দের গোলকিপার মাইক মেনিয়ঁ।

২০২২ সালের বিশ্বকাপে রানার্সআপ হওয়া ফ্রান্স দলের সদস্য ছিলেন কামাভিঙ্গা। মার্চ মাসে ফিফা উইন্ডোতেও তিনি দলে ছিলেন। তবু শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয়েছে।

ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই মিডফিল্ডারের ফর্ম খুব একটা ভাল যাচ্ছে না। রিয়ালের অ্যাকাডেমি প্লেয়ার থিয়াগো পিটাচের তুলনায় পিছিয়ে পড়েছেন তিনি।

কামাভিঙ্গাকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেশঁ বলেন, ‘ওর জন্য মরশুমটা কঠিন ছিল। কম ম্যাচ খেলেছে, চোটেও ভুগেছে। খুব অল্প বয়সেই কামাভিঙ্গা জাতীয় দলে জায়গা করে নিয়েছে। তবে ওর বয়সটা এখনও কম। দল গঠনের ক্ষেত্রে আমাকে ভারসাম্য রাখতে হয়েছে।’

গোলকিপার হিসেবে মেনিয়ঁর ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে ব্রাইস সাম্বা এবং রবিন রিসারকে। লিগ ওয়ানে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই প্রথমবার বড় টুর্নামেন্টে জাতীয় দলে সুযোগ পেয়েছেন রিসের।

ফলে জায়গা হয়নি লুকাস চেভালিয়েরের। তিনি চলতি বছরে পিএসজিতেও প্রথম একাদশ থেকে জায়গা হারিয়েছেন মাটভেই সাফানোভের কাছে। উল্লেখ্য, বিশ্বকাপের প্রস্তুতির আগে ফ্রান্স দুটি প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্ট এবং নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

এরপর ১৬ জুন সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। পরে তারা খেলবে ইরাক ও নরওয়ের বিরুদ্ধে। দল থেকে বাদ পড়া অন্য উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন ব়্যান্ডাল কুলোমুয়ানি এবং লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা এস্তাবেন লিপল।

অন্যদিকে, হাঁটুর চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন জিন ফিলিপ মাটেটা। চোটের কারণে ছিটকে যাওয়া হুগো একেটিকের শূন্যতা পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি।

এবারের বিশ্বকাপই সম্ভবত ফ্রান্সের কোচ হিসেবে দেশঁর শেষ টুর্নামেন্ট। তার অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। টুর্নামেন্টের পর দায়িত্ব নিতে পারেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। এর আগে ১৯৯৮ সালে নিজেদের দেশের মাটিতেও বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স।

একনজরে ফ্রান্স দল: 

গোলকিপার: মাইক মেনিয়ঁ, রবিন রিসার, ব্রাইস সাম্বা

ডিফেন্স: মালো গুস্তো, ম্যাক্সেন্স লাক্রোয়া, জুলm কুন্দে, লুকা দিন, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, দায়েত উপামেকানো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ

মিডফিল্ডার: অরেলিয়েন টুয়ামেনি, আদ্রিয়ান ব়্যাবিও, এনগোলো কান্তে, মানু কোনো, ওয়ারেন জাইরে-এমেরি

ফরোয়ার্ড: উসমান ডেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, জুয়ান-ফিলিপ মাতেতা, রায়ান চেরকি, মার্কুস থুরাম, ম্যাগনেস আকলিউশ, ডিজায়ার ডুয়ে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে