আজকাল ওয়েবডেস্ক: ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ হলেন জিনেদিন জিদান। ১৯৯৮ সালে তিনি ফ্রান্সকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন। এবার এমবাপেদের 'হেডমাস্টার' তিনি।  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে এবারই প্রথমবারের মতো ‘লে ব্লু’-দের ডাগআউটে ফিরছেন দেশটির অন্যতম সেরা ফুটবল ব্যক্তিত্ব। 

৫৪ বছর বয়সী জিদান দায়িত্ব নিচ্ছেন তাঁর অধিনায়ককে সরিয়ে। ১৯৯৮-এ ফ্রান্সের ক্যাপ্টেন ছিলেন দেশঁ। ২০২৬ বিশ্বকাপে ফ্রান্সের চতুর্থ স্থান অর্জনের পর ১৪ বছরের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি টেনে কোচের পদ ছাড়েন তিনি। 

দেশঁর কোচিংয়ে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জেতে এবং ২০২২ বিশ্বকাপেও ফাইনালে পৌঁছয়। ফ্রান্সের ফুটবল ইতিহাসের সফলতম কোচদের তালিকায় তিনি অন্যতম।

খেলোয়াড় হিসেবে জিদানকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ফ্রান্সের অধিনায়ক হিসেবে তিনি দেশকে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কোচ হিসেবেও জিদানের সাফল্যের ঝুলি সমৃদ্ধ। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুই মেয়াদে তিনি তিনটি টানা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব এবং দুটি লা লিগা ট্রফি জিতেছেন।

ফ্রান্সের কোচ হিসেবে জিদানের প্রথম বড় পরীক্ষা হবে নেশনস লিগে দলকে সাফল্য এনে দেওয়া। এরপর তাঁর লক্ষ্য থাকবে ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। তাঁর হাতে রয়েছে কিলিয়ান এমবাপে, ওলিসে, দেম্বেলের মতো বিশ্বমানের ফুটবলারদের সমন্বয়ে গড়া শক্তিশালী দল।

জাতীয় দলের জার্সিতে যে জিদান একসময় ইতিহাস লিখেছিলেন, এবার কোচ হিসেবে সেই ইতিহাসকে আরও সমৃদ্ধ করার চ্যালেঞ্জ নিয়েই শুরু হচ্ছে তাঁর নতুন অধ্যায়।