আজকাল ওয়েবডেস্ক: মেসি কাণ্ডে ফের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করল বিধাননগর পুলিশ। আগামী ৮ জুন হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার হাজিরা দিতেই হবে এমনটা উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও অরূপ বিশ্বাসকে তলব করেছিল বিধাননগর পুলিশ। গত ৫ জুনের মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি পুলিশকে জানিয়েছিলেন অসুস্থতার কারণে হাজিরা দিতে পারবেন না। ১৪ দিন দিন সময় চেয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এবার ফের তাঁকে তলব করা হলো। মেসির কলকাতার অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার জন্য ক্ষোভের সঞ্চার হয়েছিল অরূপ বিশ্বাসের বিরুদ্ধে।
২০২৫ সালের ১৩ ডিসেম্বর কলকাতায় এসেছিলেন মেসি। সেই অনুষ্ঠান ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্যাপক বিশৃঙ্খলার হয়। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও সাধারণ সমর্থকরা গ্যালারি থেকে মেসিকে দেখতে পায়নি। রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভিআইপিরাই মেসিকে ঘিরে সেলফি তুলতে ব্যস্ত ছিল। এই ঘটনায় মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ভোটের ফলাফলের পর প্রাক্তন মন্ত্রী অরূপের বিরুদ্ধে মুখ খোলেন শতদ্রু। সরকার বদলের পর যুবভারতীতে মেসি কাণ্ডে নতুন করে এফআইআর করে বিধাননগর পুলিশ। সেখানে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নাম আলাদা করে উল্লেখ করা হয়। তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করতে চায় পুলিশ।















