আজকাল ওয়েবডেস্ক: বল নড়ছে। ভারত অধিনায়ক  রোহিত শর্মা তাঁর ছন্দ পাচ্ছেন না। প্রাক্তন পাক ক্রিকেটার দানিশ কানেরিয়া হিটম্যানের ব্যাটিং পজিশন স্থির করে দিলেন। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পরই রয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি। স্যার ডনের দেশে রোহিতের ব্যাটিং পজিশন সম্পর্কে প্রাক্তন পাক স্পিনার জানিয়েছেন, ওপেন নয়, রোহিতের তিন নম্বরে ব্যাট করতে আসা উচিত। 

কানেরিয়া বলছেন, ''রোহিত শর্মা এখন যে ফর্মে রয়েছে, তাতে ওর তিন নম্বরে ব্যাট করতে নামাই উচিত। নিঃসন্দেহে গ্রেট প্লেয়ার। টিম ইন্ডিয়ার জন্য অনেক কিছু করেছে। আমার মতে তিনে ব্যাট করতে নামুক রোহিত। ওপেন করুক শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। নতুন বলে সমস্যায় পড়ছে রোহিত। তিনে নামলে অনেকটা সময়ও পাবে। অস্ট্রেলিয়ায় বল বেশি সুইং করবে, সিমও বেশি করবে। ব্যাটিং পজিশন নিয়ে বিবেচনা করা উচিত রোহিতের।'' 

ইতিমধ্যেই টেস্ট সিরিজ হেরে গিয়েছে ভারত। রোহিতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর ব্যাটও বোবা থেকে গিয়েছে। চারটি ইনিংসে রোহিত করেছেন মাত্র ৬২ রান। গড় ১৫.৫০। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট  হবে ওয়াংখেড়েতে। ঘরের মাঠে কি ফর্মে ফিরবেন রোহিত? নিন্দুকদের মুখ কি বন্ধ করবে মুম্বইকরের ব্যাট?