আজকাল ওয়েবডেস্ক: এবারের আইপিএল জিতবে কোন দল? প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলছেন এবার চেন্নাই সুপার কিংস বা কলকাতা নাইট রাইডার্স পারবে না। এবার মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস প্লে–অফে উঠবে। আর চ্যাম্পিয়ন হবে দিল্লি।
এর পাশাপাশি ব্যাট ও বল হাতে দুই সেরা ক্রিকেটারের নামও জানিয়ে দিয়েছেন আকাশ। তিনি বলেছেন, ‘কমলা টুপি জিতবে সঞ্জু স্যামসন। বেগুনি টুপিক মালিক হবে জসপ্রীত বুমরা।’ এটা ঘটনা টি–২০ বিশ্বকাপে ভারতের সেরা ব্যাটার ও বোলার ছিলেন সঞ্জু ও বুমরা। আইপিএলেও তাঁদের উপরেই ভরসা দেখিয়েছেন আকাশ।
এটা ঘটনা, গতবার আইপিএল জিতেছি বেঙ্গালুরু। ১৮ বছর পর স্বপ্নপূরণ হয়েছে বিরাট কোহলির। এবারও কোহলিরা প্লে–অফে উঠবেন, এমনটাই আশা করছেন আকাশ। এবারের আইপিএলের আগে নিলামে ১০ দলই ফাঁক ভরাট করার চেষ্টা করেছে। কলকাতা নাইট রাইডার্সের দল অনেকটাই বদলে গিয়েছে। এবার নতুন বিদেশিদের দেখা যাবে। তবে আকাশ চোপড়া বাজি রাখছেন দিল্লির উপর।
আইপিএলে যে কয়েকটি দল একবারও জিততে পারেনি তার মধ্যে রয়েছে দিল্লি। ফাইনালে উঠেও হারতে হয়েছে। গত বার প্লে–অফে উঠতে পারেননি অক্ষর প্যাটেলরা। পাঁচ নম্বরে শেষ করেছিল দল। পাশাপাশি পাঞ্জাব কিংসও আইপিএল জিততে পারেনি। এই দুই দলকেই প্লে–অফে দেখছেন আকাশ। আর চ্যাম্পিয়ন দেখছেন দিল্লিকে।
এদিকে, হর্ষিত রানার চোটের অবস্থা ভয়াবহ। এবারের আইপিএল তিনি খেলতে পারছেন না। তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স এখনও কিন্তু জানায়নি যে রানা আইপিএলে খেলতে পারবেন না।
এই পরিস্থিতিতে রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুষ্ঠানে দিল্লিতে গিয়েছিলেন হর্ষিত। গত বছর পুরুষদের ক্রিকেটে সেরা অভিষেক হওয়া ক্রিকেটারের পুরস্কারও পান তিনি। কিন্তু চেয়ার ছেড়ে মঞ্চে উঠতে পারেননি হর্ষিত। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধূমল নিজে মঞ্চ থেকে নেমে হর্ষিতের কাছে গিয়ে তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
হর্ষিতের আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ক্রাচ নিয়ে হাঁটছেন হর্ষিত। ভারতীয় বোর্ডের সেই অনুষ্ঠানে গেলেও হাঁটতে কষ্ট হচ্ছিল পেসারের। ডান হাতে ক্রাচ নিয়ে কোনওরকমে হাঁটছিলেন হর্ষিত। তাঁর হাঁটতে যাতে সমস্যা না হয়, তার জন্য সামনের ভিড় সরিয়ে দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা।
















