আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন তৈরি করে দিয়েছেন বৈভব সূর্যবংশী।
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার পাশাপাশি এশিয়ান গেমসের পূর্ণশক্তির ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন কিশোর ব্যাটার। তবে জাতীয় দলে সম্ভাব্য অভিষেকের আগে বৈভবকে নিয়ে বাড়তি প্রত্যাশা না রাখার পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
বৈভবকে নিয়ে বাড়ছে প্রত্যাশা। আইপিএলে বৈভব চমকে দিয়েছেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালেও সূর্যবংশীর ব্যাট ঝলসেছে। এবার জাতীয় দলে সুযোগ পাওয়ায় তাঁকে নিয়ে প্রত্যাশা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সৌরভ বার্তা দিয়েছেন কিশোর প্রতিভাকে নিয়ে।
মুম্বইয়ে এক অনুষ্ঠানের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, ''ওকে নিজের মতো থাকতে দিন। শুরু থেকেই ওর কাছ থেকে অসাধারণ কিছু আশা করবেন না। ওকে সময় দিন, যাতে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে গুছিয়ে নিতে পারে। ভারতের মতো দেশে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই, তবে বৈভবের মধ্যে বিশেষ প্রতিভা রয়েছে।''
সৌরভের মতে,বয়স কম হলেও চাপ সামলানোর ক্ষমতা ইতিমধ্যেই দেখিয়েছে সূর্যবংশী। তিনি বলেন, ''ওর বয়স মাত্র ১৫। আমার মনে হয় না চাপ ওকে খুব বেশি প্রভাবিত করবে। আইপিএলেও আমরা সেটাই দেখেছি।''
বয়সভিত্তিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে নজর কেড়েছিলেন বৈভব। পরে রাজস্থান রয়্যালসের হয়ে সুযোগ পান সঞ্জু স্যামসনের চোটের কারণে।
প্রথমে বিকল্প হিসেবে দলে এলেও নিজের পারফরম্যান্সে দ্রুত প্রথম একাদশে স্থায়ী জায়গা করে নেন এই কিশোর ব্যাটার।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে চ্যালেঞ্জ যে অনেকটাই আলাদা, তা মনে করিয়ে দিয়েছেন সৌরভ। তাঁর কথায়, ''ভারতের হয়ে খেলা সম্পূর্ণ অন্যরকম। বিদেশের উইকেটে বল বেশি সিম করবে, বাউন্সও থাকবে। নতুন বলে নড়াচড়াও বেশি দেখা যাবে। ফলে খেলার ধরন অনেকটাই বদলে যায়। তবে ওর প্রতিভা নিয়ে কোনও সন্দেহ নেই।''
ভারতের টি-টোয়েন্টি দলে ওপেনিং পজিশনের জন্য বৈভবকে লড়তে হবে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও ঈশান কিষানদের মতো ক্রিকেটারদের সঙ্গে।
তবুও কিশোর ব্যাটারকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে ২৬ জুন থেকে শুরু হওয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু' ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই ভারতীয় জার্সিতে তাঁর অভিষেক হলে অবাক হওয়ার কিছু থাকবে না।















