আজকাল ওয়েবডেস্ক: এমন কিছু খেলোয়াড় রয়েছেন যাঁরা শুধু নিজেদের খেলাতেই নয়, পুরো একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এরকমই একজন। তাঁর অসাধারণ সাফল্য, কঠোর পরিশ্রম, ফিটনেস এবং দীর্ঘদিন সর্বোচ্চ পর্যায়ে খেলার ক্ষমতা রোনাল্ডোকে বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আইকনে পরিণত করেছে।

ফুটবলের বাইরেও রোনাল্ডোর প্রভাব ছড়িয়ে পড়েছে অন্যান্য খেলায়। ক্রিকেটারদের মধ্যেও অনেকেই তাঁর পেশাদারিত্ব, ফিটনেস রুটিন এবং জয়ের মানসিকতা থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা জানিয়েছেন। রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদযাপনও ক্রিকেট মাঠে দেখা গিয়েছে একাধিকবার। ভারতীয় পেসার মহম্মদ সিরাজও উইকেট নেওয়ার পর রোনাল্ডোর ধাঁচে উদযাপন করে আলোচনায় এসেছেন।

এই প্রেক্ষাপটেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করেন, ক্রিকেটে রোনাল্ডোর সবচেয়ে কাছাকাছি যিনি রয়েছেন, তিনি হলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে ভন বলেন, রোনাল্ডোর মতোই কোহলির সাফল্যের অন্যতম কারণ তাঁর কঠোর নিয়মানুবর্তিতা এবং শরীরের প্রতি যত্ন। তাঁর মতে, ফিটনেস এবং জীবনযাপনের ক্ষেত্রে কোহলি বিশ্বের সেরা ক্রীড়াবিদদের একজন।

ভন বলেন, “ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে তাকান। যেভাবে রোনাল্ডো নিজের শরীরের যত্ন নেয়। আমার মনে হয়, ক্রিকেটে বিরাটই রোনাল্ডোর সমতুল্য। আমি নিশ্চিত নই, কারণ বিরাট সবকিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে না, তবে আমার ধারণা প্রতিদিন নিজের ফিটনেস নিয়ে অত্যন্ত কঠোর থাকে। সঠিক খাবার খায়, নিজের শরীরকে সর্বোচ্চ পর্যায়ে রাখার জন্য সবকিছু করে।”

ভনের মতে, কোহলির এই কঠোর জীবনযাপন তাঁকে আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ পর্যায়ে থাকতে সাহায্য করবে। ভন বলেন, “বিরাট সবকিছু একদম ঠিকভাবে করে। তাই আমি মনে করি না, বিরাট খুব শিগগিরই অবসর নেবে।”

ভনের মতে, রোনাল্ডোর মতোই কোহলির মধ্যেও রয়েছে আত্মবিশ্বাস, জয়ের খিদে এবং প্রতিনিয়ত নিজেকে উন্নত করার মানসিকতা। দু’জনেই দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছেন। তাঁদের সাফল্যের পিছনে শুধু প্রতিভা নয়, বরং কঠোর প্রস্তুতি, সঠিক খাদ্যাভ্যাস এবং শারীরিক সক্ষমতার বড় ভূমিকা রয়েছে। 

প্রায় দেড় দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করার পরও কোহলির পারফরম্যান্স ও সাফল্যের খিদে  আগের মতোই রয়েছে। সেই কারণেই মাইকেল ভনের চোখে তিনি ক্রিকেটের ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’।