আজকাল ওয়েবডেস্ক: পিএসএল শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এক ভক্তের মন্তব্যের উত্তর দিয়ে ডেভিড ওয়ার্নার চর্চায়। 

করাচি কিংসের নেতৃত্বে থাকা ওয়ার্নারের দল প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ার পর ইনস্টাগ্রামে  একটি পোস্ট করেছিলেন ওয়ার্নার। তাঁর নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্স করলেও করাচি কিংস ১০ ম্যাচে ৫টি জয় নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে। নেট রান রেটের কারণে প্লে-অফের দৌড় থেকেও ছিটকে যায় দলটি। ব্যক্তিগতভাবে ওয়ার্নার ৭ ইনিংসে ২৫৬ রান করেন।
টুর্নামেন্ট শেষে ইনস্টাগ্রামে সতীর্থ, কোচিং স্টাফ ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন ওয়ার্নার। সেখানে তিনি দলের প্রচেষ্টা ও মানসিকতাকে প্রশংসা করেন।
সেই পোস্টে এক ভক্ত মন্তব্য করেন, ''পিএসএল ছেড়ে আইপিএলে ফিরে যাওয়াই ভাল।'' জবাবে সংক্ষিপ্ত কিন্তু স্পষ্ট প্রতিক্রিয়া দেন ওয়ার্নার,''এখন আর তার প্রয়োজন নেই।'' 
ওয়ার্নার আইপিএলে দীর্ঘদিন ধরে অন্যতম সফল বিদেশি ব্যাটার হিসেবে পরিচিত। তিনি ১৮৪ ম্যাচে ৬৫৬৫ রান করেছেন, গড় ৪০-এর বেশি এবং স্ট্রাইক রেট প্রায় ১৪০। আইপিএলে তিনি ৩ বার অরেঞ্জ ক্যাপ জিতেছেন (২০১৫, ২০১৭ ও ২০১৯) এবং ৪টি সেঞ্চুরি করেন।
শেষবার তাঁকে আইপিএলে দেখা গিয়েছে ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে।