আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। ৩২ দলের বদলে এবার অংশ নিচ্ছে ৪৮টি দেশ। আর ম্যাচের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪। ২০২২ সালের কাতার বিশ্বকাপে ম্যাচের সংখ্যা ছিল ৬৪টি। সেখানে নতুন এই সংস্করণ বিশ্ব ফুটবলে এক নতুন অধ্যায় রচনা করতে চলেছে।
এই বিশাল আয়োজন সফলভাবে পরিচালনার লক্ষ্যে ফিফা রেকর্ডসংখ্যক ১৭০ জন ম্যাচ অফিশিয়ালের তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে থাকছেন ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)।
অংশগ্রহণকারী অফিসিয়ালরা আসছেন ফিফার ৫০টি সদস্য দেশ থেকে। উল্লেখযোগ্য বিষয় হলো, গত আসরের তুলনায় এবার ৪১ জন বেশি অফিসিয়াল দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, ২০২২ সালের মতো এবারও ছ'জন মহিলা অফিসিয়াল অন্তর্ভুক্ত থাকছেন, যা ফুটবলে অন্তর্ভুক্তির ধারাবাহিকতাকে আরও জোরদার করছে।
ইতিমধ্যেই বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে, যার প্রভাব পড়েছে টিকিট বাজারেও। ধাপে ধাপে বাড়ানো হচ্ছে টিকিটের মূল্য। ফিফা নতুন করে আরও দামী টিকিট ছেড়েছে। যার একটি ক্যাটাগরির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,১০৫ মার্কিন ডলার। আগে সর্বোচ্চ টিকিটের মূল্য ছিল ২,৭৩৫ ডলার।
এছাড়া ফাইনাল ম্যাচের টিকিটেও বড় ধরনের মূল্যবৃদ্ধি আনা হয়েছে। আগে ফাইনালের সর্বোচ্চ টিকিটের দাম ছিল ৮,৬৮০ ডলার। সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০,৯৯০ ডলারে। ফাইনালের ক্যাটাগরি দুই ও তিন বিভাগের টিকিটের মূল্যও বৃদ্ধি পেয়েছে।
নতুন ফরম্যাট অনুযায়ী, ৪৮টি দলকে ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। সব মিলিয়ে, ২০২৬ ফিফা বিশ্বকাপ শুধু দল ও ম্যাচের সংখ্যাতেই নয়, আয়োজনের পরিধি ও ব্যয়—সব দিক থেকেই হতে যাচ্ছে নজিরবিহীন এক ক্রীড়া আসর।















