আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদে মেগা ফাইনালের আগে অনন্য নজির কিউয়ি বোলারের। তবে এই রেকর্ড সিনিয়র নিউজিল্যান্ড ক্রিকেট দলের নয়, ঘরোয়া ক্রিকেটে। ইতিহাস সৃষ্টি করলেন ব্রেট ব়্যান্ডেল। প্রথম শ্রেণীর ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে টানা পাঁচ বলে পাঁচ উইকেট তুলে নিলেন। ম্যাকলিন পার্কে প্লাংকেট শিল্ডে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের সঙ্গে নর্দার্ন ডিস্ট্রিক্টের ম্যাচে এই নজির গড়েন।নর্দার্ন ডিস্ট্রিক্টের ইনিংস তছনছ করে দেন। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে আউট করেন। পরের ওভারে, নিউজিল্যান্ডের প্রাক্তন টেস্ট ওপেনার জিত রাভালকে আউট করেন। পরের তিন বলে আরও তিনটি উইকেট তুলে নেন। পঞ্চম উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ডবুকে নাম তোলেন কিউয়ি বোলার। আন্তর্জাতিক অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে বোল্ড করে অনন্য নজির সৃষ্টি করেন।
পরিসংখ্যান অনুযায়ী, ১৭৭২ সালের পর থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে এর আগে কোনও প্লেয়ার পাঁচ বলে পাঁচ উইকেট নেয়নি। তবে এখানেই থামেননি ব়্যান্ডেল। নিজের পরের ওভারে আরও দুটো উইকেট তুলে নেন। ম্যাচ শেষে তাঁর সংগ্রহ ২৫ রানে ৭ উইকেট। নয় বছরের প্রথম শ্রেণীর ক্রিকেটজীবনে সেরা পারফরম্যান্স। তাঁর দাপুটে বোলিংয়ে মাত্র ৮২ রানে শেষ হয়ে যায় নর্দার্ন ডিস্ট্রিক্টের ইনিংস। তার আগে প্রথম ইনিংসে ৩৭৩ রান করে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই ঘটনা এর আগে না ঘটলেও, গতবছর একটি পেশাদার টি-২০ ম্যাচে পাঁচ বলে পাঁচ উইকেট নেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। তবে প্রথম শ্রেণীর ২৫৪ বছরের ক্রিকেটের ইতিহাসে এমন নজির আগে কেউ করতে পারেনি। রবিবার আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ফাইনালে নামার আগেই সুদূর নিউজিল্যান্ডে আরেক কিউয়ি বোলারের এই চোখধাঁধানো রেকর্ড। আর কয়েকঘন্টা পরে ভারতের মাটিতেও কি নতুন রেকর্ড স্থাপন করতে পারবেন মিচেল স্যান্টনাররা?
