আজকাল ওয়েবডেস্ক: ফুটবলপ্রেমীরা অনেকেই তাকিয়ে ছিলেন সেই দিনটার দিকে। যেদিন প্রতিশ্রুতি ছিল এক মহাযুদ্ধের।

একদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, লাতিন আমেরিকার গর্ব। অন্যদিকে ইউরোপের রাজমুকুট পরা স্পেন। একদিকে সময়ের সীমানা ছাপিয়ে ওঠা এক কিংবদন্তি। লিওনেল মেসি।  

অন্যদিকে নতুন প্রজন্মের আলো- লামিনে ইয়ামাল। মাঠে যেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে ফুটবলের মশাল তুলে দেওয়ার গল্প লেখা হতে যাচ্ছিল। কিন্তু সেই গল্পের পাতা আর খোলা হলো না।

যে ম্যাচের অপেক্ষায় ছিল ফুটবলবিশ্ব, সেই ‘লা ফিনালিসিমা’ আপাতত থেমে গেল অনিশ্চয়তার অন্ধকারে। 

উয়েফা আজ এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, ২৭ মার্চ কাতারে নির্ধারিত সেই মহারণ আয়োজন করা সম্ভব হচ্ছে না। অস্থির পরিস্থিতি বদলে দিয়েছে পরিকল্পনা। সরিয়ে দিয়েছে ভেন্যু, এলোমেলো করে দিয়েছে সময়ের হিসাব।

উয়েফা চেষ্টা করেছিল বিকল্প পথ খুঁজতে। কাতার না হলে ইউরোপের কোনও নিরপেক্ষ মাঠে যাতে বল গড়ায়। কখনও প্রস্তাব উঠেছিল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু, কখনও দুই লেগের হোম-অ্যান্ড-অ্যাওয়ে লড়াই। প্রথম ম্যাচ মাদ্রিদে, দ্বিতীয়টি বুয়েনোস আইরেসে। এমনকি ২৭ বা ৩০ মার্চের নতুন সম্ভাবনাও উঠে এসেছিল।

কিন্তু একে একে থেমে যায় সব প্রস্তাব। আর্জেন্টিনা জানায়, তারা ওই তারিখে খেলতে পারবে না। তাদের একমাত্র সম্ভাব্য দিন ৩১ মার্চ। সেই অচলাবস্থার ভিতরেই ধীরে ধীরে নিভে যায় অপেক্ষার আলো।

শেষ পর্যন্ত তাই বাতিলের খাতায় চলে গেল বহুল প্রতীক্ষিত সেই লড়াই। উয়েফার বিবৃতিতেও ঝরে পড়েছে হতাশার সুর। ফুটবলের ইতিহাসে কিছু ম্যাচ থাকে, যেগুলো শুধু খেলা নয়। একটি সময়ের প্রতীক। সেই প্রতীকী মুহূর্তটি আপাতত স্থগিত রয়ে গেল।