আজকাল ওয়েবডেস্ক: ভারত নেই, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন বিশ্বকাপের মঞ্চে। ২০২৬ ফিফা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে সেই নজির গড়লেন নিশান ভেলুপিল্লাই।
ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলার রবিবার বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেললেন, আর সেই ম্যাচ স্মরণীয় হয়ে থাকল। তুরস্ককে ০-২ গোলে হারিয়ে চমক দেখাল অস্ট্রেলিয়া।
অ্যাংলো-ইন্ডিয়ান মা গিলিয়ান ভেলুপিল্লাইয়ের সন্তান নিশান ম্যাচের ৬১-তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন। দায়িত্বশীল ফুটবল খেলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তামিলনাড়ুতে শিকড় তাঁদের।
২৫ বছর বয়সী নিশান অস্ট্রেলিয়ার অন্যতম প্রতিশ্রুতিমান তরুণ ফুটবলার। স্থানীয় ক্লাব ফুটবল থেকে উঠে এসে তিনি মেলবোর্ন ভিক্ট্রির অ্যাকাডেমিতে নিজের দক্ষতার পরিচয় দেন।
২০২৪ সালে চিনের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় তাঁর। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে মাত্র সাত মিনিটের মধ্যেই গোল করেন। অস্ট্রেলিয়া সেই ম্যাচ ৩-১ গোলে জিতেছিল।
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। রবিবারের ম্যাচ-সহ অস্ট্রেলিয়ার হয়ে তাঁর আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে আট। ইতিমধ্যেই তিনটি গোলও করা হয়ে গিয়েছে তাঁর। যার সব ক'টিই এসেছে বিশ্বকাপ বাছাইপর্বে।
এই ধারাবাহিক পারফরম্যান্সই অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচকে মুগ্ধ করে। ফলে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দলে জায়গা করে নেন নিশান। বিশ্বকাপের মঞ্চে মাঠে নেমে তিনি ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার হিসেবে এক নতুন ইতিহাসও গড়ে ফেললেন।
অন্যদিকে, ২৪ বছর পর বিশ্বকাপে ফিরে আসা তুরস্কের জন্য প্রত্যাবর্তনের ম্যাচটি হতাশারই হয়ে থাকল। ২৭ মিনিটে নেস্টোরি ইরানকুন্ডা গোল করে এগিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে।
তুরস্ক একাধিকবার সমতায় ফেরার চেষ্টা করলেও অস্ট্রেলিয়ার রক্ষণভাগ তাদের সব আক্রমণ প্রতিহত করে। এরপর ৭৫ মিনিটে কনর মেটক্যাফে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন এবং অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন।
৬১ মিনিটে গোলদাতা ইরানকুন্ডার পরিবর্তে মাঠে নামা নিশানকে মূলত রক্ষণ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব তিনি সফলভাবেই পালন করেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে দলের জয়ে অবদান রেখে স্মরণীয় এক সূচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত এই ফুটবলার।















